কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমির কাজী দ্বীন মোহাম্মদ ও নায়েবে আমির এমদাদুল হক মামুনকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে জামায়াতের কেন্দ্রীয় কমিটি। মহানগর জামায়াতের কার্যালয়ে ভাঙচুরের ঘটনার পর গঠিত তদন্ত কমিটির কার্যক্রমের মধ্যেই এ সিদ্ধান্ত এলো।
রোববার (১ নভেম্বর) অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন কাজী দ্বীন মোহাম্মদ। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে তিনি দলের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেলের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
দলীয় সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে নগরীর মোগলটুলী এলাকার ফারুকী হাউজে অবস্থিত মহানগর জামায়াতের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার পর ১৬ অক্টোবর কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে ঘটনার কারণ অনুসন্ধানে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটিতে জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহানকে দায়িত্ব দেওয়া হয়। তাঁদের এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।
এদিকে দুই নেতাকে অব্যাহতির কারণ ও তদন্ত প্রতিবেদনের অগ্রগতি সম্পর্কে জানতে দলের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
কার্যালয়ে ভাঙচুরের ঘটনার পর মহানগর কমিটি বিলুপ্তি এবং দুই শীর্ষ নেতাকে অব্যাহতির ঘটনায় কুমিল্লার জামায়াতের সাংগঠনিক নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
নিউজডেস্ক//আম্মান
সম্পাদক : সম্পাদক, প্রকাশক: আয়েশা আক্তার
ঠিকানা : চৌরঙ্গী মার্কেট, ২য় তলা, কান্দির পাড়, কুমিল্লা।
সম্পাদক: editorcomillacrimenews@gmail.com
বিজ্ঞাপন: comillacrimenews@gmail.com
নিউজরুম: infocomillacrimenews@gmail.com
© ২০২ ৬ Comilla Crime News সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। |
Copyright © 2026 comillacrimenews.com. All rights reserved.