ডিজিটাল সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় আরও সহজে পৌঁছে দিতে ইন্টারনেটের মূল্য কমানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে স্মার্টফোন পৌঁছে দিতে বেসরকারি খাতকে কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওনের চেয়ারম্যান অগি ফাবেলার সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সাক্ষাতে দেশের ডিজিটাল সংযোগ সম্প্রসারণ, প্রযুক্তির সহজলভ্যতা এবং নাগরিকবান্ধব ডিজিটাল সেবা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের সাধারণ মানুষের হাতে আরও সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দিতে বেসরকারি খাতকে কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি ইন্টারনেটের মূল্য আরও সহনীয় পর্যায়ে আনার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান তিনি, যাতে সব শ্রেণি-পেশার মানুষ সহজেই ডিজিটাল সেবার সুফল ভোগ করতে পারেন।
তিনি আরও বলেন, ডিজিটাল সেবার বিস্তৃতি নিশ্চিত করতে প্রযুক্তির সহজলভ্যতা এবং ইন্টারনেট ব্যবহারের ব্যয় কমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে, বাংলালিংকের পক্ষ থেকে ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর সেবার উন্নয়নে সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়। সাক্ষাতে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা দেশের ডিজিটাল রূপান্তর কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সরকারের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক : সম্পাদক, প্রকাশক: আয়েশা আক্তার
ঠিকানা : চৌরঙ্গী মার্কেট, ২য় তলা, কান্দির পাড়, কুমিল্লা।
সম্পাদক: editorcomillacrimenews@gmail.com
বিজ্ঞাপন: comillacrimenews@gmail.com
নিউজরুম: infocomillacrimenews@gmail.com
© ২০২ ৬ Comilla Crime News সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। |
Copyright © 2026 comillacrimenews.com. All rights reserved.