২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
HomeFirst leadআগামী ৫ দিনে বাড়বে বৃষ্টির দাপট, কমতে পারে তাপপ্রবাহ: আবহাওয়া

আগামী ৫ দিনে বাড়বে বৃষ্টির দাপট, কমতে পারে তাপপ্রবাহ: আবহাওয়া

অনলাইনডেস্ক।।

দেশজুড়ে আগামী পাঁচ দিনে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়াবিদদের মতে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে বাড়তে পারে।

বৃহস্পতিবার রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

এদিকে বর্তমানে চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে শুক্রবার থেকে দেশের বিভিন্ন এলাকায় এর প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করবে।

শুক্রবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশালের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

শনিবার দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহীর কিছু অংশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পাশাপাশি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

রোববার বৃষ্টির প্রবণতা আরও বাড়বে বলে পূর্বাভাসে বলা হয়েছে। রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনার কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

সোমবারও দেশের আট বিভাগের অনেক এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিনও বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জলীয় বাষ্পের আধিক্যের কারণে আপাতত দেশের বিভিন্ন এলাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে। তবে বৃষ্টিপাত বাড়ার সঙ্গে সঙ্গে তাপপ্রবাহের প্রভাব ধীরে ধীরে কমে আসবে এবং গরম থেকে কিছুটা স্বস্তি মিলবে।

বর্ধিত পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে, যা চলমান গরম পরিস্থিতি থেকে দেশের মানুষকে কিছুটা স্বস্তি এনে দিতে পারে।

নিউজডেস্ক/২৬