১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
HomeFirst leadস্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠানে রূপ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ

স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠানে রূপ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ

Prime Minister Tarique Rahman visited the Sparso office in Sher-e-Bangla Nagar, Agargaon, in the capital.

রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) কার্যালয় হঠাৎ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী, স্বনির্ভর এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

রোববার সকালে অনুষ্ঠিত এ পরিদর্শন প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ ছিল না। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান স্পারসোর বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের কাজের অগ্রগতি ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। পরে স্পারসোর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা এবং চলমান কার্যক্রমের বিস্তারিত উপস্থাপন করেন।

এসব কার্যক্রম পর্যালোচনা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পারসোকে দেশের মহাকাশ গবেষণা ও প্রযুক্তি উন্নয়নের কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রতিষ্ঠানটিকে আধুনিক প্রযুক্তিনির্ভর, যুগোপযোগী ও স্বনির্ভর প্রতিষ্ঠানে পরিণত করার পাশাপাশি জাতীয় নিরাপত্তা এবং উন্নয়ন কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা রাখার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্পারসো দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি এবং দূর অনুধাবন প্রযুক্তির গবেষণা, উন্নয়ন ও প্রয়োগে নিয়োজিত জাতীয় প্রতিষ্ঠান। এর মাধ্যমে মহাকাশ প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ, গবেষণা কার্যক্রম পরিচালনা এবং জাতীয় উন্নয়নে প্রযুক্তির কার্যকর প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।