
অনলাইন ডেস্ক।।
কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ের প্রতিশ্রুতি ও প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত এক কিশোরী ও নিহতের এক বন্ধুকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৯ জুন) ভোরে চৌদ্দগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাঈদ আব্দুল্লাহ সিয়াম (২২) লক্ষ্মীপুর গ্রামের হাজী এনামুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল ফোনের মাধ্যমে সিয়ামের সঙ্গে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ১৫ বছর বয়সী এক কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের একপর্যায়ে বিয়ে নিয়ে দুজনের মধ্যে বিরোধ দেখা দেয়।
অভিযুক্ত কিশোরীর দাবি, সিয়ামের অনুরোধে রোববার রাতে তিনি তার বাড়িতে আসেন। ভোরে সিয়াম তাকে বাড়ি থেকে চলে যেতে বললে এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ঘরে থাকা একটি ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান।
সিয়ামের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্ত কিশোরী ও সিয়ামের বন্ধু আরিয়ানকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুজনকে থানায় নিয়ে যায়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল রহমান জানান, অভিযুক্ত কিশোরীকে আটক করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও এর পেছনের সব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্ত কিশোরীর দাবি ও ঘটনার অন্যান্য তথ্য তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।









