১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
HomeFirst leadজাপানের কাছে শেষ দেখায় হেরেছিল ব্রাজিল, মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান কী বলছে?

জাপানের কাছে শেষ দেখায় হেরেছিল ব্রাজিল, মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান কী বলছে?

অনলাইনডেস্ক।।

এবারের বিশ্বকাপের নকআউট পর্বে এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপানের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অতীতের পরিসংখ্যান ব্রাজিলের পক্ষে থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্সে জাপান নিজেদের অন্যতম দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বিশ্বকাপে ব্রাজিলের শুরুটা হয়েছিল মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র দিয়ে। ওই ম্যাচে সেলেসাওদের নড়বড়ে পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠলেও পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়ায় তারা। হাইতি ও স্কটল্যান্ডকে হারিয়ে মোট ছয় গোল করে নকআউট নিশ্চিত করেছে ব্রাজিল।

অন্যদিকে দুর্দান্ত ছন্দে রয়েছে জাপান। উদ্বোধনী ম্যাচে শক্তিশালী নেদারল্যান্ডসকে ২-২ গোলে আটকে দেওয়ার পর তিউনিসিয়াকে ৪-০ ব্যবধানে হারায় তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে নকআউটে জায়গা নিশ্চিত করে এশিয়ার প্রতিনিধিরা।

রাউন্ড অব-৩২-এর এই লড়াইয়ে ‘এশিয়ার ব্রাজিল’খ্যাত জাপান এবার মাঠে নামছে আসল ব্রাজিলের বিপক্ষে। বর্তমান ফর্ম বিবেচনায় অনেকের কাছেই ম্যাচটি সমানে-সমান লড়াই হওয়ার সম্ভাবনা তৈরি করেছে।

বিশেষ করে গত বছরের অক্টোবরে টোকিওতে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারানোর স্মৃতি জাপানকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। ওই ম্যাচে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল ব্রাজিল। তবে দ্বিতীয়ার্ধে তাকুমি মিনামিনো, কেইতো নাকামুরা ও আয়াসে উয়েদার গোলে দুর্দান্ত প্রত্যাবর্তন করে জয় তুলে নেয় স্বাগতিকরা।

ব্রাজিলের বিপক্ষে সেটিই ছিল জাপানের ইতিহাসের প্রথম জয়। দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান এখনও অবশ্য স্পষ্টভাবে ব্রাজিলের পক্ষেই। ফিফা বিশ্বকাপ, কনফেডারেশন্স কাপ ও আন্তর্জাতিক প্রীতি ম্যাচ মিলিয়ে এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে ১১টিতে জয় পেয়েছে ব্রাজিল, দুটি ম্যাচ ড্র হয়েছে এবং জাপানের জয় মাত্র একটি।

বিশ্বকাপে এটি হবে দুই দলের দ্বিতীয় সাক্ষাৎ। প্রথমবার ২০০৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল তারা। সেই ম্যাচে ৪-১ গোলে জয় পেয়েছিল ব্রাজিল। ম্যাচটিতে জোড়া গোল করেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো।

জাপানের বিপক্ষে ব্রাজিলের সবচেয়ে বড় জয় ১৯৯৫ সালের একটি প্রীতি ম্যাচে, যেখানে তারা ৫-১ গোলের ব্যবধানে জয় পেয়েছিল। এছাড়া চারটি ম্যাচে জাপানের জালে চার বা তার বেশি গোল করেছে সেলেসাওরা।

তবে ইতিহাস ব্রাজিলের পক্ষে থাকলেও বর্তমান ফর্ম ও সর্বশেষ মুখোমুখি লড়াইয়ের ফলাফল বিবেচনায় এবারের নকআউট ম্যাচে জাপানকে মোটেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ফলে বিশ্বকাপের এই লড়াইটি হতে যাচ্ছে নকআউট পর্বের অন্যতম আকর্ষণীয় ম্যাচ।

নিউজডেস্ক/কুক্রানি/২৬