
দীর্ঘ তিন দশক ধরে কুমিল্লা নগরীর অন্যতম ব্যস্ত টমছমব্রিজ সড়কের ‘গলার কাঁটা’ হয়ে থাকা অবৈধ কাঁচাবাজার অবশেষে উচ্ছেদ করেছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা ভেঙে ফেলার পর এলাকাজুড়ে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

রোববার (১৯ জুলাই) বিকেলে কুসিকের বিশেষ উচ্ছেদ অভিযানে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে টমছমব্রিজ সড়ক ও ফুটপাত সম্পূর্ণ দখলমুক্ত করা হয়।
সিটি করপোরেশন সূত্র জানায়, দীর্ঘদিন ধরে অবৈধ বাজারের কারণে টমছমব্রিজ এলাকায় তীব্র যানজট সৃষ্টি হতো। এতে প্রতিদিন হাজারো মানুষকে ভোগান্তিতে পড়তে হতো এবং জরুরি যানবাহনের চলাচলও ব্যাহত হতো। উচ্ছেদের পর স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দখলমুক্ত অবস্থা বজায় রাখার দাবি জানিয়েছেন।

তবে উচ্ছেদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবি তুলেছেন। মুরগি ব্যবসায়ী জাবেদ বলেন, আগে থেকেই উচ্ছেদের বিষয়ে জানানো হয়েছিল। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করলেও শেষ পর্যন্ত দোকান সরিয়ে দেওয়া হয়েছে। এখন ব্যবসা কোথায় করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন। সবজি ব্যবসায়ী হৃদয় হোসেনও জানান, দোকান ভেঙে ফেলা হয়েছে এবং তারা ভাড়া দিয়ে সেখানে ব্যবসা করতেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন বলেন, নগরীতে যানজট কমানো, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং জলাবদ্ধতা নিরসনে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, নিয়ম অনুযায়ী আগেই নোটিশ দেওয়া হয়েছিল। যারা নোটিশ অমান্য করেছেন, শুধু তাদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন, কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









