২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
HomeFirst leadজ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

অনলাইন ডেস্ক।।

জ্বালানি সরবরাহের সাময়িক সংকট কাটিয়ে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে তেল ও গ্যাসের সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি সংগ্রহে সাময়িক জটিলতা তৈরি হয়েছিল। বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হলেও তা দেশে আনতে কিছুটা সময় লেগেছে।

তিনি বলেন, “জ্বালানি কেনার পরও তা দেশে আনা সম্ভব হয়নি। এর মধ্যে এফএসআরইউতে (ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিট) আগুন লাগার ঘটনাও ঘটে। এসব কারণে সরবরাহব্যবস্থায় সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়।”

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, এসব দুর্যোগ ও জটিলতা কাটিয়ে বর্তমানে জ্বালানি সরবরাহের লাইন স্বাভাবিক হয়েছে। জ্বালানি দেশে আসছে এবং সরবরাহের শিডিউলও ঠিক করা হয়েছে। বিশ্বের বিভিন্ন স্থানেও এ ধরনের সাময়িক সংকট তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, জনগণ আস্থা রেখে সরকারকে ভোট দিয়েছে। তবে জ্বালানি সরবরাহে ঘাটতি ও দুর্ঘটনার কারণে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে কিছুটা সময় লেগেছে।

তিনি আরও বলেন, “জনগণের কষ্ট কমাতে সরকার বিকল্প উৎস খুঁজে বের করেছে। প্রয়োজনের সময় বেশি দাম দিয়েও গ্যাস আমদানি করা হয়েছে। সরকার ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করেনি।”

বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী বলেন, বর্তমানে জ্বালানি দেশে আনা সম্ভব হয়েছে এবং সরবরাহের সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। ভবিষ্যতে আর কোনো বড় ধরনের দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হলে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, সামনে আর কোনো সমস্যা তৈরি না হলে আগামী দিনগুলো ভালোভাবেই পরিচালনা করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী নিজে বিষয়টিতে উদ্যোগ নেওয়ায় দ্রুত সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে বলেও জানান মন্ত্রী।

নিউজডেস্ক/আম্মান