
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ফিফা বিশ্বকাপ ২০২৬ সফলভাবে শূন্য ব্যয়ে সম্প্রচার করার পর আগামী বিশ্বকাপে সরকারের লক্ষ্য থাকবে বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ আয় করা।
রোববার (২৬ জুলাই) রাজধানীর তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ‘ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার ও ধন্যবাদ জ্ঞাপন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সরকারি রাজস্বের এক টাকাও ব্যয় না করেই এবার সফলভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঠিক দিকনির্দেশনা, সততা ও সুদূরপ্রসারী চিন্তার কারণেই দেশের বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী মানুষকে বঞ্চিত না করে এই সম্প্রচার সম্ভব হয়েছে।
তিনি বলেন, সরকারের কৃচ্ছ্রতাসাধন নীতির মধ্যেও যাতে দেশের মানুষ বিশ্বকাপের খেলা দেখা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন। সেই নির্দেশনা অনুযায়ী বিকল্প কাঠামো তৈরি করে সফলভাবে সম্প্রচার নিশ্চিত করা হয়েছে।
জহির উদ্দিন স্বপন বলেন, “এবার আমরা শূন্য ব্যয়ে খেলা সম্প্রচারের চ্যালেঞ্জে সফল হয়েছি। আগামী বিশ্বকাপে আমাদের লক্ষ্য শুধু বিনা খরচে খেলা দেখানোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বিজ্ঞাপনের বিশাল বাজার থেকে বড় ধরনের অর্থ উপার্জনের মাধ্যমে বিশ্বকাপ সম্প্রচারকে একটি লাভজনক উদ্যোগে পরিণত করতে চাই।”
তিনি বলেন, এ সাফল্যের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের। একই সঙ্গে সফলভাবে সম্প্রচার কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতার জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর হাতে ফুলেল শুভেচ্ছা ও ধন্যবাদপত্র তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. শাহ আলম, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দেশের ক্রীড়াঙ্গনের বর্তমান ইতিবাচক পরিবেশের প্রসঙ্গ তুলে তথ্যমন্ত্রী বলেন, গত কয়েক মাসে সাবেক তারকা খেলোয়াড় ও বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, যুবসমাজকে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদকমুক্ত সমাজ গঠনের পাশাপাশি সুস্থ মানসিকতা ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সম্ভব হবে।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে নয়, বরং একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।









