২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
HomeFirst leadকুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন

মেয়েদের সাফল্য বেশি, বিজ্ঞান বিভাগে পাসের হার ৮২.৮৮ শতাংশ; শতভাগ পাস নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৬৫ দশমিক ৪২ শতাংশ। এ বছর বোর্ডের ছয় জেলার মোট ৯৫ হাজার ৩৯৯ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। এর মধ্যে ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

বোর্ডের ফলাফলে এবারও ছেলেদের তুলনায় মেয়েদের সাফল্যের হার বেশি। ছয় জেলার মোট পরীক্ষার্থীর মধ্যে মেয়েদের সংখ্যা যেমন বেশি ছিল, তেমনি জিপিএ-৫ অর্জনেও মেয়েরা এগিয়ে রয়েছে।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া—এই ছয় জেলার ১ হাজার ৭৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা অনুষ্ঠিত হয় ১ হাজার ৮২৩টি কেন্দ্রে।

কুমিল্লা শিক্ষা বোর্ড জানান, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল প্রায় ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী ৫৮ হাজার ৮২৫ জন এবং মেয়ে পরীক্ষার্থী ৮৭ হাজার ১০ জন। অর্থাৎ ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ২৮ হাজার ১৮৫ জন বেশি।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম জানান, এ বছর বোর্ডে মোট ৯৫ হাজার ৩৯৯ জন শিক্ষার্থী পাস করেছে। তাদের মধ্যে ৩ হাজার ৯৬৬ জন ছেলে এবং ৫ হাজার ৮৪৮ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে।

বিজ্ঞান বিভাগে সাফল্য বেশি, এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগে তুলনামূলক ভালো ফলাফল হয়েছে। এ বিভাগে পাসের হার ৮২ দশমিক ৮৮ শতাংশ।

অন্যদিকে বিষয়ভিত্তিক ফলাফলেও ইংরেজি ও গণিতে শিক্ষার্থীদের তুলনামূলক দুর্বলতা দেখা গেছে। ইংরেজিতে পাসের হার ৮১ দশমিক ২৯ শতাংশ এবং গণিতে ৮১ দশমিক ৭৫ শতাংশ।

কুমিল্লায় শতভাগ পাস নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এদিকে কুমিল্লার ঐতিহ্যবাহী নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।

বিদ্যালয়টির মোট ২৯১ জন পরীক্ষার্থীই কৃতকার্য হয়েছে। ফলে পাসের হার দাঁড়িয়েছে ১০০ শতাংশ। এর মধ্যে ২২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

বিদ্যালয়টির এই সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।এ প্রসঙ্গে বিদ্যালয়ের সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন এবং অভিভাবকদের সহযোগিতার সমন্বিত ফল হিসেবেই এমন সাফল্য এসেছে।

কুমিল্লা মডার্ণ হাইস্কুলেও নজরকাড়া ফল করেছে, কুমিল্লা মডার্ণ হাইস্কুলও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেছে। বিদ্যালয়টির মোট ১ হাজার ৪৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৩৮০ জন কৃতকার্য হয়েছে। এতে পাসের হার দাঁড়িয়েছে ৯৬ দশমিক ৩০ শতাংশ।

এ বিদ্যালয় থেকে ৫৯৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকেই জিপিএ-৫ অর্জন করেছে ৫৮৭ জন, আর ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৯ জন।

ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের সামগ্রিক ফলাফল এবং জেলার শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সাফল্য থেকে একদিকে যেমন শিক্ষার্থীদের কৃতিত্বের চিত্র উঠে এসেছে, অন্যদিকে তেমনি ইংরেজি ও গণিতের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ফলাফল আরও উন্নত করার প্রয়োজনীয়তাও স্পষ্ট হয়েছে।

নিউজডেস্ক।।