২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
HomeSecond leadকুমিল্লায় ১ কোটি ৮০ লাখ টাকার প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা জব্দ, আটক ২

কুমিল্লায় ১ কোটি ৮০ লাখ টাকার প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা জব্দ, আটক ২

কুমিল্লায় ১ কোটি ৮০ লাখ টাকার প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা জব্দ, আটক ২

কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ ইয়াবা জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় কক্সবাজারের চকরিয়া উপজেলার দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাডো গাড়িটিও জব্দ করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার জাগুরজুলি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার ফয়সাল হোসেন (২৫) ও একই এলাকার গাড়িচালক আমান উল্লাহ (৩৫)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল জাগুরজুলি এলাকায় অবস্থান নেয়। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি সাদা রঙের প্রাডো গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়ির ভেতরে থাকা একটি লাগেজের সন্ধান পান ডিবি সদস্যরা। পরে লাগেজটি খুলে স্কচটেপে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জব্দ করা ইয়াবার পরিমাণ প্রায় ৩ লাখ এবং এর আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

ইয়াবা জব্দের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে ইয়াবার চালানটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কোথায় নেওয়া হচ্ছিল, সে বিষয়ে তথ্য পাওয়ার আশা করা হচ্ছে। পাশাপাশি চালানটির সঙ্গে আরও কেউ জড়িত কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ সুপার আরও জানান, মাদক পরিবহনে ব্যবহৃত প্রাডো গাড়িটিও জব্দ করা হয়েছে। গাড়িটির আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তবে তদন্ত ও আদালতের বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগকে চূড়ান্ত অপরাধ হিসেবে গণ্য করা যাবে না।