১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
HomeSecond lead১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন প্রাথমিকের ৮১৭ নিয়োগ বঞ্চিত

১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন প্রাথমিকের ৮১৭ নিয়োগ বঞ্চিত

১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন প্রাথমিকের ৮১৭ নিয়োগ বঞ্চিত

অনলা্ইন ডেস্ক ।।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগবঞ্চিত ৮১৭ জন প্রার্থী আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে প্রাথমিকের নিয়োগবঞ্চিত ৮১৭ জনের তথ্য যাচাই-বাছাই চলছে। আগামী ১ অক্টোবরের মধ্যে যাদের ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে, সেগুলো যাচাই করে নিয়োগপত্র দেওয়ার কার্যক্রম সম্পন্ন করা হবে। যারা এ সময়ের মধ্যে নিয়োগ পাবেন না, তাদের বিষয়েও পরবর্তী সময়ে কাজ করা হবে।

তিনি বলেন, নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত অনেক প্রার্থী ঠিকানা পরিবর্তন করেছেন। আবার কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এ কারণে নিয়োগপত্র দেওয়ার আগে প্রার্থীদের ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য যাচাই করা হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা যাচাই শেষে নিয়োগপত্র দেওয়ার কার্যক্রম পরিচালনা করছেন।

মন্ত্রী বলেন, কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের কারণে প্রার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। কারণ যাদের নিয়োগ নিয়ে অনিশ্চয়তার কথা বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, তাদের কেউ কেউ পরবর্তী সময়ে নিয়োগপত্র পেয়েছেন।

তিনি আরও বলেন, নিয়োগপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ধাপে ধাপে নিয়োগপত্র দেওয়া হবে। তাই যারা এখনো নিয়োগপত্র পাননি, তাদের বিষয়ে যাচাই-বাছাই শেষ হওয়ার আগে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।

শিক্ষামন্ত্রী স্পষ্ট করে বলেন, যাচাই-বাছাই শেষে কতজন নিয়োগের জন্য চূড়ান্তভাবে বিবেচিত হবেন, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। আগামী ১ অক্টোবর পর্যন্ত পাওয়া তথ্য ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সভায় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।