১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
HomeSecond leadনিষিদ্ধ সংগঠনের অগ্নিসংযোগের প্রতিবাদে কুমিল্লায় শ্রমিক দলের বিক্ষোভ

নিষিদ্ধ সংগঠনের অগ্নিসংযোগের প্রতিবাদে কুমিল্লায় শ্রমিক দলের বিক্ষোভ

Oplus_131072

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে কুমিল্লায় জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে নগরীর কান্দিরপাড়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

তিনি বলেন, বিদেশের মাটিতে বসে ডিসেম্বরে দেশে ফেরার কথা জানানো হচ্ছে। হেলেদুলে দেশে আসার বিষয়টি হতে দেওয়া হবে না। দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিতে একটি কুচক্রী মহল পাঁয়তারা করছে বলেও তিনি মন্তব্য করেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম ও কুমিল্লা মহানগর বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক শাহজান পাখি।

দক্ষিণ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি হাজী মো. তাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন মহানগর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান টিপু।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলাম, জেলা শ্রমিক দলের সদস্যসচিব জালাল উদ্দিন, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন, মহানগর শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও হকার সমিতির সভাপতি আতিকুর রহমান সোহেলসহ মহানগর ও দক্ষিণ জেলা শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কান্দিরপাড়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।