১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
HomeSecond leadসিলিকন ভ্যালিতে প্রযুক্তি বিনিয়োগে বাংলাদেশকে ঘিরে উচ্চপর্যায়ের বৈঠক

সিলিকন ভ্যালিতে প্রযুক্তি বিনিয়োগে বাংলাদেশকে ঘিরে উচ্চপর্যায়ের বৈঠক

যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির শীর্ষস্থানীয় প্রধান নির্বাহী কর্মকর্তা, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সঙ্গে উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক

প্রযুক্তি খাতে বিনিয়োগ আকর্ষণ ও কৌশলগত অংশীদারিত্ব জোরদারে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা, সিইও, বিনিয়োগকারী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক করেছে বাংলাদেশ।
অনলা্ইন ডেস্ক।।

প্রযুক্তি খাতে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরা এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সেমিকন্ডাক্টর, ডিজিটাল অবকাঠামোসহ উন্নত প্রযুক্তি খাতে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানায়, গত ২৭ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার ‘ফোর সিজনস হোটেল সিলিকন ভ্যালি’-তে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, লস অ্যাঞ্জেলেসের উদ্যোগে ‘বাংলাদেশের প্রবৃদ্ধির জন্য প্রযুক্তি বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব’ শীর্ষক এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। প্রতিনিধিদলে আরও ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

এ ছাড়া লস অ্যাঞ্জেলেসে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল কাজী মুহাম্মদ জাবেদ ইকবাল এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

কারম্যাক্সের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অফিসার শামীম মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে রেপলিটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আমজাদ মাসুদ, জিস্কেলারের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জয় চৌধুরী এবং ইন্টেলের সাবেক চেয়ারম্যান ও মেডট্রনিকের সাবেক চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ড. ওমর ইশরাক অংশ নেন।

বৈঠকে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, মহাকাশ প্রযুক্তি, ভেঞ্চার ক্যাপিটাল, ডিজিটাল অবকাঠামো ও উন্নত প্রযুক্তি খাতের শীর্ষ নির্বাহী, উদ্যোক্তা ও বিনিয়োগকারীরাও অংশ নেন।

আলোচনায় বাংলাদেশের প্রযুক্তি খাতের সম্ভাবনা, বিনিয়োগের সুযোগ এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের বিভিন্ন দিক উঠে আসে। বিশেষ করে এআই, সাইবার নিরাপত্তা, সেমিকন্ডাক্টর ডিজাইন ও উৎপাদন, ডিজিটাল অবকাঠামো, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, ভেঞ্চার ক্যাপিটাল, স্বাস্থ্যপ্রযুক্তি, ভূ-উপগ্রহের মাধ্যমে পর্যবেক্ষণ এবং উন্নত উৎপাদন শিল্পে বাংলাদেশের সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে অংশগ্রহণকারীরা এসব খাতে বাংলাদেশ ও সিলিকন ভ্যালির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্ব বাড়ানোর সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন।

বাংলাদেশের প্রযুক্তি খাতে আন্তর্জাতিক বিনিয়োগ ও জ্ঞানভিত্তিক অংশীদারিত্ব বাড়াতে এ ধরনের উচ্চপর্যায়ের আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।