
কুমিল্লায় সাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে কঠোর কর্মসূচি পালন করেছেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
বুধবার (১৬ জুলাই) বিকেলে কুমিল্লা প্রেসক্লাবের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা, বৈষম্যমূলক আচরণ করা এবং নানা অজুহাতে সদস্যপদ ঝুলিয়ে রাখার কোনো সুযোগ নেই। অবিলম্বে এসব অনিয়ম বন্ধ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, কুমিল্লা ক্লাবে দীর্ঘদিন ধরে বৈষম্য, প্রভাব বিস্তার এবং রাজনৈতিক প্রভাবের অভিযোগ রয়েছে। তারা বলেন, ক্লাবকে সব ধরনের প্রভাবমুক্ত রেখে সাংবাদিকবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে, যাতে সব সাংবাদিক সমান মর্যাদা ও সুযোগ পান।
এ সময় সাংবাদিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন তারা।
অবস্থান কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। উপস্থিত ছিলেন দেশ টিভির কুমিল্লা প্রতিনিধি সুমন কবির ভূঁইয়া, এসএ টিভির কুমিল্লা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, চ্যানেল এস টিভির কুমিল্লা প্রতিনিধি রাজিব সাহা, নাগরিক টিভির কুমিল্লা প্রতিনিধি রুবেল মজুমদারসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
এছাড়া কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন ইন্ডিপেনডেন্ট টিভির তানভীর দ্বীপু, ডিভিসির নাছির উদ্দীন চৌধুরী, স্টার নিউজ টিভির আবদুল্লাহ আল মারুফ, বাংলা টিভির আরিফ মজুমদার, এনটিভির আবু সুফিয়ানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
কর্মসূচিতে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা এবং স্বাধীনভাবে কাজ করার নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।









