২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
HomeFirst leadবন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করবে সরকার:কুমিল্লায় কৃষিমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করবে সরকার:কুমিল্লায় কৃষিমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি।।

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও চাষিদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। শনিবার (১১ জুলাই) সকালে কুমিল্লা টাউন হল মাঠে মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে একথা বলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, দেশের যেসব এলাকায় সাম্প্রতিক বন্যায় কৃষক ও চাষিরা ক্ষতির মুখে পড়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সেসব এলাকার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা প্রণয়ন শেষে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হবে।

এর আগে মন্ত্রী বৃক্ষমেলা উপলক্ষে আয়োজিত একটি বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নেন এবং মেলার বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের স্টল পরিদর্শন করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়ম নিয়ে প্রধানমন্ত্রীর অসন্তোষের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘদিনের লুটপাটের সংস্কৃতি অনেকের মধ্যে এখনও রয়ে গেছে। তবে সবাইকে মনে রাখতে হবে, সরকার বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করার পর প্রধানমন্ত্রী নিজেই এর অগ্রগতি নিয়মিত তদারকি করছেন। তাই এ কর্মসূচিতে কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই।

অনুষ্ঠানে কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা সফল করতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন। তিনি সবাইকে মেলায় এসে পছন্দের গাছ কিনে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আক্তার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজডেস্ক…..