
চকবাজার ও রাজগঞ্জে অভিযান—সড়কে মালামাল রেখে যানজট সৃষ্টির অভিযোগে জরিমানা, জব্দ মালামাল
কুমিল্লা প্রতিনিধি।।
নগরবাসীর নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে কুমিল্লা নগরীর সড়ক ও ফুটপাত হকার এবং অবৈধ দখলমুক্ত রাখতে অভিযান চালিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) নগরীর চকবাজার ও রাজগঞ্জ বাজার সড়ক এবং এর আশপাশের এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়কের ওপর দোকানের মালামাল রেখে যানজট ও জনভোগান্তি সৃষ্টির অভিযোগে দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। একই সঙ্গে সড়কে রাখা মালামাল জব্দ করা হয়।
অভিযানকালে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, নগরবাসীর চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে কুমিল্লা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নিউজডেস্ক,কুমিল্লা,,











