১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
HomeFirst lead‘জীবনবান্ধব’ ও বাস্তবমুখী এবারের বাজেট: প্রধানমন্ত্রী তারেক রহমান

‘জীবনবান্ধব’ ও বাস্তবমুখী এবারের বাজেট: প্রধানমন্ত্রী তারেক রহমান

This years budget is 'life-friendly' and realistic- Prime Minister Tarique Rahman

এবারের জাতীয় বাজেট হবে সুন্দর, স্বাভাবিক, বাস্তবমুখী এবং সাধারণ মানুষের জীবনযাত্রার কথা বিবেচনায় প্রণীত একটি ‘জীবনবান্ধব’ বাজেট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সব শ্রেণি-পেশার মানুষের জন্য স্বস্তি বয়ে আনাই এবারের বাজেটের অন্যতম লক্ষ্য।

সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন)-এর ১৮তম কার্যদিবসে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেট দেশের বাস্তব পরিস্থিতি বিবেচনায় তৈরি করা হয়েছে। এটি হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী বাজেট, যা সাধারণ মানুষের প্রয়োজন ও জীবনমানকে গুরুত্ব দিয়ে প্রণয়ন করা হয়েছে। তাঁর ভাষায়, সব শ্রেণি-পেশার মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি নিয়ে আসবে এবারের বাজেট।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের নানামুখী সংকটকে অস্বীকার করতে চায় না, আবার সংকটকে অজুহাত হিসেবেও ব্যবহার করতে চায় না। বাস্তবতা মেনে নিয়েই সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।

তিনি বলেন, অর্থ পাচারের কারণে একসময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গিয়েছিল। পাশাপাশি বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা কারণে অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। তবে সুদূরপ্রসারী ও কার্যকর নীতিমালার মাধ্যমে সরকার এই সংকট সফলভাবে মোকাবিলা করতে বদ্ধপরিকর।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের সার্বিক পরিস্থিতি, অর্থনৈতিক বাস্তবতা এবং উন্নয়ন অভিযাত্রার ধারাবাহিকতা বিবেচনায় রেখেই এবারের বড় বাজেট প্রণয়ন করা হয়েছে। দেশের মানুষ সরকারের ওপর যে আস্থা রেখেছে, সেই আস্থা অক্ষুণ্ন রাখা সরকারের পবিত্র দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।

তারেক রহমান বলেন, এবারের বাজেটের অন্যতম প্রধান লক্ষ্য হলো দেশের অর্থনীতিকে পুনরায় শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনা, স্থবির হয়ে পড়া বিনিয়োগ পরিবেশকে চাঙ্গা করা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

তিনি আশা প্রকাশ করে বলেন, এই বাজেটের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি নতুন, শক্তিশালী ও টেকসই অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড় করাতে সক্ষম হবে সরকার।