২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
HomeFirst leadঅপ্রতীম হত্যা মামলার প্রধান আসামি তুহিন আদালতে

অপ্রতীম হত্যা মামলার প্রধান আসামি তুহিন আদালতে

কঠোর নিরাপত্তায় আদালতে হাজির, ক্ষুব্ধ জনতা অপ্রতীম হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ জনতা তুহিনকে দেখে উত্তেজিত হয়ে ওঠে

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে এবং কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি হিসেবে আটক তুহিনকে পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা আদালত প্রাঙ্গণে তাকে হাজির করা হয়। এ সময় অপ্রতীম হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ জনতা তুহিনকে দেখে উত্তেজিত হয়ে ওঠে এবং তাকে মারধরের জন্য তেড়ে আসার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা কঠোর নিরাপত্তাবেষ্টনী তৈরি করে আসামিকে আদালত কক্ষে নিয়ে যান।

পরে তুহিনকে কুমিল্লা সদর দক্ষিণ আমলি আদালতের ১ নম্বর আদালতে হাজির করা হয়। আদালত ভবনের তৃতীয় তলার ৩০২ নম্বর কক্ষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আবিদা সুলতানা মলি মামলার আইনগত কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি/সংশ্লিষ্ট বার নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। কুমিল্লা জেলা পিপি কাইমুল হক রিংকু সাংবাদিকদের বলেন, বিকেলে আসামিদের আদালতে প্রডিউস করা হয়েছে। তাদের মধ্যে কেউ ঘটনার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চাইলে আইন অনুযায়ী ম্যাজিস্ট্রেটের সামনে সেই জবানবন্দি রেকর্ড করার সুযোগ রয়েছে। এ জন্য আসামিকে নির্ধারিত সময় দেওয়া হয়েছে।

তিনি বলেন, নিয়মানুযায়ী আসামিকে তিন ঘণ্টা সময় দেওয়া হয়েছে। সে যদি মনে করে জবানবন্দি দেবে, তাহলে ম্যাজিস্ট্রেট তার জবানবন্দি রেকর্ড করবেন। এটি আইনের নির্ধারিত প্রক্রিয়া।

অপ্রতীম হত্যাকাণ্ডকে অত্যন্ত লোমহর্ষক ও হৃদয়বিদারক ঘটনা উল্লেখ করে ওই কুমিল্লা জেলা পিপি বলেন, ঘটনাটি সারা দেশের মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। পুলিশও বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

তিনি আরও বলেন, আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসুক এবং ন্যায়বিচার নিশ্চিত হোক। কুমিল্লা থেকে যেন একটি দৃষ্টান্ত সৃষ্টি হয়, সে জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব।

আসামিদের পক্ষে কোনো আইনজীবী থাকবেন কি না—এ বিষয়ে তিনি বলেন, এটি আসামিদের আইনগত অধিকার ও ব্যক্তিগত বিষয়। মৌলিক অধিকার হিসেবে আইনগত সহায়তা নেওয়ার সুযোগ কেউ কেড়ে নিতে পারে না।

তিনি জানান, এখন পর্যন্ত কুমিল্লা বারের কোনো সদস্য আসামিদের পক্ষে জামিনের আবেদন কিংবা গ্রেপ্তারের পক্ষে-বিপক্ষে কোনো আবেদন করেননি। কুমিল্লা বারের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টরা আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।

এদিকে তুহিনকে আদালতে আনার খবর ছড়িয়ে পড়লে আদালত এলাকায় মানুষের ভিড় বাড়তে থাকে। অপ্রতীমের নির্মম মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসামিকে আদালত কক্ষে নেওয়া হয়।
অপ্রতীম হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন, জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবিতে এরই মধ্যে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে।

নিউজডেস্ক,কুমিল্লা