
নাচ, গান, কবিতা ও সাংস্কৃতিক পরিবেশনায় মাতোয়ারা শিক্ষার্থীরা; পুরস্কার বিতরণ ও আনন্দঘন আয়োজনে বর্ষ সমাপনী উৎসব
কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে অভিভাবক সমাবেশ ও সপ্তম শিক্ষাবর্ষ সমাপনী উৎসব (ক্লাস পার্টি) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৩ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চম্পকনগর (সাতরা) এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘সুনাগরিক তৈরির নিরলস প্রয়াস’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের সভাপতি মো. ফরহাদ হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক হাজী মো. মনজু এবং প্রধান শিক্ষক কাজী মুজিবুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো. ইকরামুল হাসান ইথার, শিক্ষক ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন নূরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক পূর্ণিমা নাহা।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হাজী মো. মনজু বলেন, এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় বিদ্যালয়টি সাত বছর ধরে ধারাবাহিকভাবে উন্নতি করে আসছে। এলাকার উন্নয়নে তিনি সবসময় কাজ করতে আগ্রহী। কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুল যেন ভবিষ্যতে সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় স্থান করে নিতে পারে, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। পাশাপাশি আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
প্রধান শিক্ষক কাজী মুজিবুর রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও আনন্দঘন পরিবেশ তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ, নৃত্য, কবিতা আবৃত্তি ও গজল পরিবেশিত হয়। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য খাবারের ব্যবস্থাও রাখা হয়।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ উৎসব শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে শেষ হয়।
নিউজডেস্ক//আম্মান











