
হাজিরা খাতায় উপস্থিতি দেখিয়ে ওভারটাইম ও টিএ-ডিএ বিল উত্তোলনের অভিযোগ; নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের যোগসাজশে চলছে অনিয়ম
কুমিল্লা প্রতিনিধি।।
বাংলাদেশ রেলওয়ের ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ লাকসাম রেলওয়ে জংশনের সম্পত্তি পাহারার দায়িত্বে নিয়োজিত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অন্তত ৮ সদস্যের বিরুদ্ধে কর্মস্থলে উপস্থিত না থেকেও দীর্ঘদিন ধরে নিয়মিত বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, হাবিলদার মামুন খান চৌধুরী ও কনস্টেবল মামুন (কম্পিউটার অপারেটর) অফিসে বসেই টিএ-ডিএ বিল উত্তোলন করছেন বলে অভিযোগ রয়েছে। এসব অনিয়মের নেপথ্যে লাকসাম জংশনের বর্তমান ও সাবেক চিফ ইন্সপেক্টর সালাহউদ্দিন ভূঁইয়া ও নুর মোহাম্মদের যোগসাজশ রয়েছে বলে দাবি সংশ্লিষ্ট সূত্রের।
রেলওয়ে সূত্র জানায়, দেশের অন্যতম বৃহৎ রেলওয়ে জংশন কুমিল্লার লাকসাম। বিশাল এলাকাজুড়ে বিস্তৃত এ জংশনে রয়েছে শত শত রেলওয়ের আবাসিক বাসা, বিভিন্ন স্থাপনা, বিদ্যুৎকেন্দ্র, লোকশেড, ইয়ার্ড, পরিত্যক্ত বগি এবং বিভিন্ন গন্তব্যে অপেক্ষমাণ যাত্রী ও মালবাহী ট্রেন। প্রতিদিন এ জংশন হয়ে ঢাকা-চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, নোয়াখালী ও চাঁদপুর রুটে প্রায় ৩০টি মেল, আন্তঃনগর ও এক্সপ্রেস ট্রেন চলাচল করে। হাজার হাজার যাত্রীর নিরাপত্তার পাশাপাশি রেলওয়ের এসব গুরুত্বপূর্ণ সম্পত্তি সুরক্ষায় দায়িত্ব পালন করছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
লাকসাম জংশনে নিরাপত্তা বাহিনীর সদস্যসংখ্যা ২৮ জন। কিন্তু অভিযোগ রয়েছে, তাঁদের মধ্যে ৮ জন দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থেকেও মাস শেষে নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন। এ ক্ষেত্রে চিফ ইন্সপেক্টর, হাবিলদার মামুন খান চৌধুরী ও কম্পিউটার অপারেটর কনস্টেবল মামুনের সঙ্গে অনৈতিক যোগসাজশের মাধ্যমে এসব সদস্য কর্মস্থলে অনুপস্থিত থাকছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগের তালিকায় রয়েছেন মাসুদ পারভেজ, ফারুক, কাউসার, ফরিদ, আশরাফুল মামুন, সাইফুল ও বায়েজিদ। এ ছাড়া সম্প্রতি চাঁদপুরে বদলি হওয়া কামরুল হাসান এবং চট্টগ্রামের প্রধান রেলওয়ে কার্যালয় (সিআরবি)তে বদলি হওয়া সোহরাব হোসেনের নামও উঠে এসেছে।
স্থানীয় সংশ্লিষ্ট সূত্রের দাবি, কর্মস্থলে অনুপস্থিত এসব সদস্যের হাজিরা খাতায় নিয়মিত উপস্থিতি দেখানো হয়। তাঁদের নামে ওভারটাইমসহ টিএ/ডিএ বিলও তৈরি করা হয়। মাস শেষে এসব বিলের পাশাপাশি মূল বেতনের একটি অংশ চিফ ইন্সপেক্টর ও তাঁর দুই সহযোগী ভাগ করে নেন বলে অভিযোগ রয়েছে।
এদিকে হাবিলদার মামুন খান চৌধুরীর বিরুদ্ধে লাকসাম রেলওয়ে স্টেশনের বিভিন্ন শ্রেণির হকার এবং ঢাকা-চট্টগ্রাম রেলপথের নাওটি, নাঙ্গলকোট, নোয়াখালীর নাথেরপেটুয়া ও চৌমুহনী এলাকায় রেলওয়ের সম্পত্তিতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।
শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ উঠেছে ২০১৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সিলেটের রেলওয়ের মালিকানাধীন কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ বাঙ্কার (পাথর কোয়ারি) এলাকায় দায়িত্ব পালনকালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোটি কোটি ঘনফুট পাথর অবৈধ পথে বিক্রি করে দেওয়ার। অভিযোগে বলা হয়েছে, এ সময় কোম্পানীগঞ্জের তৎকালীন আওয়ামী লীগ দলীয় উপজেলা চেয়ারম্যান শামীম আহমেদ প্রকাশ পাথর শামীমের ছত্রচ্ছায়ায় এসব কর্মকাণ্ড পরিচালিত হয়। এতে বছর শেষে রেলওয়ে বিভাগকে কোটি কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে বলে দাবি সূত্রের।
নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বশীল একাধিক ভুক্তভোগী সূত্র আরও জানায়, হাবিলদার মামুন খান কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও একাধিকবারের উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর খান চৌধুরীর নিকটাত্মীয়। অবৈধ আর্থিক সুবিধা ও হকারদের কাছ থেকে চাঁদা আদায়ের মাধ্যমে তিনি নিজ এলাকায় জমি কেনার পাশাপাশি কুমিল্লা আদর্শ সদর উপজেলার চম্পকনগর এলাকায় প্রায় অর্ধকোটি টাকা মূল্যের একটি ফ্ল্যাট কিনেছেন বলেও অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, এসব অনিয়মের ঘটনা দীর্ঘ কয়েক বছর ধরে চলে আসছে বলে স্থানীয়দের দাবি।
এদিকে চলতি বছরের ৮ আগস্ট বদলিজনিত কারণে সাবেক চিফ ইন্সপেক্টর নুর মোহাম্মদ ঢাকা চলে গেলে একই দিন লাকসাম জংশনে নতুন চিফ ইন্সপেক্টর হিসেবে যোগদান করেন সালাহউদ্দিন ভূঁইয়া।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ৮ সদস্যের কর্মস্থলে অনুপস্থিতি এবং বেতন-ভাতা উত্তোলনের বিষয়ে জানতে চাইলে লাকসাম রেলওয়ে জংশনের বর্তমান চিফ ইন্সপেক্টর সালাহউদ্দিন ভূঁইয়া বলেন, “আমি অল্প কিছুদিন হলো লাকসামে যোগদান করেছি। আবার ছুটিও নিয়েছি। এখনো পুরোপুরি দায়িত্ব বুঝে নেইনি। আমাকে কিছুদিন সময় দেন। ১৫/২০ দিনের মধ্যে ওভারকাম করে ফেলবো।
তবে প্রশ্ন উঠেছে, রেলওয়ের গুরুত্বপূর্ণ সম্পত্তি পাহারার দায়িত্বে নিয়োজিত সদস্যরা কর্মস্থলে উপস্থিত না থেকেও কীভাবে নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন? হাজিরা খাতায় তাঁদের উপস্থিতি কে নিশ্চিত করছেন? ওভারটাইম ও টিএ-ডিএ বিলের নামে সরকারি অর্থ উত্তোলনের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসেনি কেন? এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত হলে বেরিয়ে আসতে পারে রেলওয়ের সম্পত্তি ও সরকারি অর্থ আত্মসাতের নেপথ্যের চাঞ্চল্যকর তথ্য।
নিউজডেস্ক//আম্মান









