২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে উৎসবমুখর পরিবেশ, ১২ পদে লড়ছেন ৩৮ প্রার্থী

১ হাজার ১২ ভোটারের অংশগ্রহণে নির্বাচন, শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিতে প্রশাসনের সার্বক্ষণিক নজরদারি
কুমিল্লাপ্রতিনিধি।।
কুমিল্লা নিউ মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নির্বাচন-২০২৬ ঘিরে ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিতব্য এ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ও ভোটারদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি।
বুধবার (২৫ নভেম্বর) নিউ মার্কেটের নির্বাচনী পরিবেশ ও সার্বিক প্রস্তুতি ঘুরে দেখা যায়, নির্বাচন ঘিরে প্রার্থীদের মধ্যে প্রচার-প্রচারণা চলছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রচার-প্রচারণা চালানোর সময় নির্ধারণ করা হয়েছে। এ নিয়ম ভঙ্গ করলে সংশ্লিষ্ট প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচনে মোট ভোটার রয়েছেন ১ হাজার ১২ জন। প্রাথমিকভাবে ৩৯ জন প্রার্থী থাকলেও একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বর্তমানে ১২টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৮ জন। যুগ্ম সাধারণ সম্পাদক (সহসাধারণ সম্পাদক) পদে আনোয়ার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
পদভিত্তিক প্রার্থীসংখ্যার মধ্যে সভাপতি পদে ৫ জন, সহসভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৫ জন, সহসাংগঠনিক সম্পাদক পদে ৪ জন, কোষাধ্যক্ষ পদে ৪ জন, সহকোষাধ্যক্ষ পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, প্রচার সম্পাদক পদে ৪ জন, ধর্মবিষয়ক সম্পাদক পদে ৩ জন এবং আপ্যায়ন ও আমোদপ্রমোদ সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার দীপক চন্দ্র সাহা বলেন, এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা আশাবাদী, সবার সহযোগিতায় শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে পারব। নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য প্রার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
নির্বাচন কমিশনের দ্বিতীয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন সাংবাদিক মো. শহিদুল্লাহ। তিনি বলেন, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর তত্ত্বাবধানে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন পর্যবেক্ষণে বিভিন্ন ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।
নির্বাচনকে ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিটি করপোরেশন প্রশাসক সার্বক্ষণিক মনিটরিং করছেন। পাশাপাশি নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্যও আবেদন করা হয়েছে। ভোটগ্রহণের জন্য নিউ মার্কেটের দ্বিতীয় ও তৃতীয় তলা নির্ধারণ করা হয়েছে। ভোটারদের পরিচয় নিশ্চিত করতে ছবিসহ রঙিন ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. আনোয়ার হোসেনের নেতৃত্ব দায়িত্ব পালন করছেন সহকারী নির্বাচন কমিশনার এম জি ফারুক, পলাশ মজুমদার, আবুল হোসেন, উত্তম দত্ত ও মনির হোসেন পারভেজ।
সব মিলিয়ে নির্বাচন আয়োজনের প্রস্তুতি, ভোটার তালিকা প্রণয়ন, নিরাপত্তাব্যবস্থা ও প্রার্থীদের অংশগ্রহণে নিউ মার্কেটের এ নির্বাচন যেন জাতীয় নির্বাচনের আমেজ তৈরি করেছে। ব্যবসায়ীদের প্রত্যাশা, পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নিউজডেস্ক//আম্মান