২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

দাউদকান্দি উপজেলা পরিষদের ফাইল গায়েবের অভিযোগ, সরকারি ভবন দখল নিয়ে বিতর্কে সিএ আলমগীর

দাউদকান্দি উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ ফাইল কোথায়? তিতাসে বদলি, তবুও দাউদকান্দির সরকারি ভবনের ফ্ল্যাটে নিয়ন্ত্রণের অভিযোগ; ১ শতাংশ উন্নয়ন তহবিল ও রাজস্বের গুরুত্বপূর্ণ নথি ব্যক্তিগত হেফাজতে রাখার অভিযোগ, রাতের আড্ডায় ইউএনওর সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ সরকারি নথি ও ফাইল ব্যক্তিগত নিয়ন্ত্রণে রাখার অভিযোগ উঠেছে দাউদকান্দি  উপজেলা পরিষদের সাবেক, এবং বর্তমান তিতাসের উপ-প্রশাসনিক কর্মকর্তা (সিএ) আলমগীর কবির চৌধুরীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, কর্মস্থল পরিবর্তন করে তিতাসে যোগদানের পরও দাউদকান্দি উপজেলা পরিষদের একটি সরকারি আবাসিক ভবনের ফ্ল্যাট তাঁর নিয়ন্ত্রণে রয়েছে। শুধু তাই নয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ১ শতাংশ উন্নয়ন তহবিল, রাজস্ব তহবিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের ফাইল ও নথিপত্র ওই বাসায় সংরক্ষিত থাকার অভিযোগও উঠেছে।
পূর্বের কর্মস্থল দাউদকান্দিতে থাকাকালীন সময়ে একক আধিপত্য বিস্তার এবং অবৈধভাবে অর্থ আত্মসাৎ, অনিয়ম, দুর্নীতি স্বেচ্ছাচারিতা করে অন্যান্য স্টাফ এবং ঠিকাদাররা তার কাছে জিম্মি হয়ে ছিলো বলে একাধিক স্থানীয়রা ভুক্তভোগী ও  ঠিকাদার’রা জানান।
একজন সরকারি কর্মচারী বদলি হওয়ার পরও কীভাবে পূর্বের কর্মস্থলের সরকারি আবাসন ব্যবহার করছেন? সরকারি দপ্তরের গুরুত্বপূর্ণ নথি কেন অফিসের বাইরে একজন কর্মচারীর ব্যক্তিগত নিয়ন্ত্রণাধীন বাসায় থাকবে? এসব নথি সেখানে রাখার অনুমতি কে দিয়েছেন? আর সরকারি নথির এমন স্থানান্তর বা সংরক্ষণের পেছনে কোনো প্রশাসনিক কিংবা আর্থিক অনিয়ম আড়াল করার চেষ্টা রয়েছে কি না—এমন একাধিক প্রশ্ন এখন স্থানীয় প্রশাসন ও সচেতন মহলে আলোচনার জন্ম দিয়েছে।
বদলি হওয়ার পরও সরকারি আবাসন ব্যবহারের অভিযোগ, স্থানীয় সূত্রের দাবি, দাউদকান্দি উপজেলা পরিষদের সরকারি আবাসিক ভবনের একটি ফ্ল্যাট দীর্ঘ বছর ধরে ব্যবহার করে আসছেন আলমগীর কবির চৌধুরী। অথচ বর্তমানে তাঁর কর্মস্থল তিতাস উপজেলা পরিষদ। ২০২৫ সালের প্রথম দিকে লটারির মাধ্যমে বদলি হয়ে তিনি তিতাসে যোগদান করেন।
প্রশ্ন হচ্ছে, বদলির পরও পূর্বের কর্মস্থলের সরকারি আবাসনের ফ্ল্যাট ব্যবহারের বৈধতা কী? এ বিষয়ে কোনো সরকারি বরাদ্দ, অনুমোদন কিংবা জেলা প্রশাসনের ছাড়পত্র রয়েছে কি না, তা স্পষ্ট হওয়া প্রয়োজন। সরকারি আবাসন কি কোনো কর্মচারীর ব্যক্তিগত সম্পত্তি, নাকি প্রশাসনিক দায়িত্ব ও নির্ধারিত বরাদ্দের ভিত্তিতে ব্যবহারের জন্য?
১ শতাংশ উন্নয়ন তহবিল ও রাজস্বের ফাইল ব্যক্তিগত বাসায়! অভিযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ১ শতাংশ উন্নয়ন তহবিল, রাজস্ব তহবিল এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের গুরুত্বপূর্ণ ফাইল ও রেকর্ড ওই ফ্ল্যাটে রাখা হয়েছে।
স্থানীয় একাধিক বাসিন্দা ও ঠিকাদারের দাবি, এসব নথির মধ্যে অতীতের বিভিন্ন প্রকল্পের বরাদ্দ, বাস্তবায়ন, বিল-ভাউচার ও আর্থিক লেনদেনসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এসব নথি যথাযথভাবে যাচাই করা হলে অতীতের প্রকল্প বাস্তবায়ন ও অর্থ ব্যয়ের বিষয়ে নতুন তথ্য বেরিয়ে আসবে। এমনকি প্রকল্পের অর্থ ব্যবহারে অনিয়ম কিংবা নামে-বেনামে প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগও খতিয়ে দেখার দাবি করছেন তারা।
সরকারি নথি সংরক্ষণের নির্ধারিত স্থান উপজেলা কার্যালয় ও সংশ্লিষ্ট রেকর্ড শাখা। সেখানে সংরক্ষিত থাকার কথা যেসব নথি, সেগুলো একজন বদলিকৃত কর্মচারীর ব্যক্তিগত হেফাজতে থাকার অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন।
এদিকে স্থানীয় একাধিক স্টাফ নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেছেন, তিতাসে কর্মরত ওই সিএ আলমগীর কবির চৌধুরী প্রায় প্রতি রাতে দাউদকান্দিতে এসে উক্ত সরকারি আবাসিক ভবনে কয়েকজন স্টাফকে নিয়ে আড্ডায় বসেন। এসব আড্ডায় মদ্যপানের আয়োজন করা হয় বলেও অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী অভিযোগকারীদের দাবি, এসব রাতের আড্ডায় দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন অবগত এবং সামিল রয়েছেন এবং স্টাফেরও অংশগ্রহণ রয়েছে।
স্থানীয় ভুক্তভোগীদেরা প্রশ্ন তুলেছেন, অন্য উপজেলায় কর্মরত একজন কর্মকর্তা নিয়মিত পূর্বের কর্মস্থলে এসে সরকারি আবাসনে রাতের আড্ডা বসানোর সুযোগ পাচ্ছেন কীভাবে? সরকারি আবাসন ব্যবহারের শর্ত কী?
আলমগীর কবির চৌধুরীর পূর্ববর্তী কর্মস্থলের কর্মকাণ্ড নিয়েও স্থানীয় মহলে আলোচনা রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২০ সালে দাউদকান্দি উপজেলা প্রকৌশলীকে লাঞ্ছিত করার ঘটনায় সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছিল। ওই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সহকারী হিসেবে কর্মরত আলমগীর হোসেনকে স্ট্যান্ড রিলিজ করার তথ্যও জেলা প্রশাসক কার্যালয়সহ সকলেই অবগত রয়েছেন।
এবিষয়ে জানতে আলমগীর কবির চৌধুরীকে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায় নি।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাকির হোসেন মুঠোফোনে তার বক্তব্যে বলেন,  অডিটের পর অনেক ফাইলের প্রয়োজন থাকে না! অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, সরকারি অফিসের নির্দিষ্ট সময়ে অডিট হয়। এরপর দুই-তিন বছর পর অনেক প্রকল্পের ফাইলের আর প্রয়োজন থাকে না। তাঁর ভাষায়, একজন ইউএনও বদলি হয়ে গেলে পরবর্তী ইউএনওর কাছে আগের কর্মকর্তার সব ফাইলের প্রয়োজন নাও হতে পারে। তবে কোনো অডিট আপত্তি দেখা দিলে সংশ্লিষ্ট ফাইলের প্রয়োজন হতে পারে।
তিনি আরও বলেন, নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পর কোনো প্রকল্পের ফাইল সব অফিসে পাওয়া যায় না।
তবে প্রশ্ন হচ্ছে, কোনো ফাইলের তাৎক্ষণিক প্রয়োজন না থাকলেই কি তা একজন কর্মচারীর ব্যক্তিগত বাসায় রাখা যাবে? সরকারি নথি সংরক্ষণ, শ্রেণিবিন্যাস, স্থানান্তর কিংবা বিধি অনুযায়ী বিনষ্ট করার নির্ধারিত প্রক্রিয়া রয়েছে কি না, সেটিই এখন যাচাইয়ের বিষয়।
অতিরিক্ত জেলা প্রশাসকের বক্তব্য:কোনোভাবেই অফিসের বাইরে নথি থাকার কথা নয়!
এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ (মিঠুন) বলেন, সরকারি নিয়ম অনুযায়ী কোনো কর্মচারী দুই মাসের বেশি পূর্বের স্টেশনে থাকতে পারেন না। কোনো স্টাফের বাসায় কিংবা অফিসের বাইরে সরকারি নথি ও ফাইল রাখার কোন সুযোগ নেই।
তিনি বলেন, প্রতিটি ফাইলের দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তার। সরকারি ফাইল হারিয়ে গেলে বা গায়েব হলে এর দায়ভার প্রশাসনকে নিতে হয়। কোনো কর্মচারী নিজের বাসায় সরকারি নথি রাখতে পারেন না। এমনকি কোনো ফাইল গুরুত্বহীন হয়ে গেলেও সেটি ব্যক্তিগত বাসায় রাখা যাবে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নির্ধারিত প্রক্রিয়ায় সংরক্ষণ কিংবা বিনষ্ট করতে হবে।
অভিযোগের বিষয়ে তিনি আরও বলেন, কোনো কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ এলে তা তদন্ত করে বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, দাউদকান্দি উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ সরকারি ফাইলের অবস্থান, সরকারি আবাসন ব্যবহারের বৈধতা এবং রাতের আড্ডা নিয়ে ওঠা অভিযোগগুলোকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। কারণ সরকারি নথি শুধু কোনো কর্মকর্তা বা কর্মচারীর ব্যক্তিগত দায়িত্বের বিষয় নয়; এসব নথির সঙ্গে জড়িয়ে রয়েছে জনগণের অর্থ, সরকারি প্রকল্পের স্বচ্ছতা এবং রাষ্ট্রীয় সম্পদের জবাবদিহি।
এখন প্রয়োজন দাউদকান্দি উপজেলা পরিষদের সংশ্লিষ্ট সব ফাইলের তালিকা প্রস্তুত করে মূল রেকর্ডের সঙ্গে যাচাই, কথিত ফ্ল্যাটের বরাদ্দ ও দখলসংক্রান্ত নথি পরীক্ষা, প্রকল্পের আর্থিক হিসাব নিরীক্ষা এবং অভিযোগে উল্লিখিত রাতের কর্মকাণ্ডের নিরপেক্ষ তদন্ত।
স্থানীয় ভুক্তভোগীদের দাবী—সরকারি ভবন, সরকারি নথি ও সরকারি অর্থের দায়িত্ব কি কোনো ব্যক্তির ব্যক্তিগত নিয়ন্ত্রণে চলে যেতে পারে? বদলি হওয়ার পরও পূর্বের কর্মস্থলে একজন কর্মচারীর এমন প্রভাব ও নিয়ন্ত্রণ কীভাবে বহাল থাকে? আর এসব বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা কী ছিল?

নিউজডেস্ক//আম্মান