
২৭টি গ্রামের সমন্বয়ে ৪৩ সদস্যের উপদেষ্টা পরিষদ, ওয়ার্ডভিত্তিক সেবা কেন্দ্র, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা উন্নয়ন, মাদক নির্মূলে সামাজিক আন্দোলন
নিজস্ব প্রতিবেদন।।
আগে কাজ, পরে ভোট—ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা চান গোলাম সারোয়ার
২৭ গ্রামের ৪৭ হাজার মানুষের জন্য নতুন স্বপ্ন; ৪৩ সদস্যের উপদেষ্টা পরিষদ, ওয়ার্ডে ওয়ার্ডে সেবা কেন্দ্র, আধুনিক হাসপাতাল, মাদকমুক্ত সমাজ ও স্বনির্ভর ইউনিয়ন গড়ার ব্যতিক্রমী পরিকল্পনা
একটি ইউনিয়ন মানে শুধু কয়েকটি গ্রাম, কিছু রাস্তাঘাট আর একটি ইউনিয়ন পরিষদ ভবন নয়। একটি ইউনিয়ন মানে হাজারো মানুষের স্বপ্ন, প্রত্যাশা, সুখ-দুঃখ, নাগরিক অধিকার এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎ। সেই ভাবনা থেকেই বুড়িচং উপজেলার ৭ নম্বর মোকাম ইউনিয়নকে নতুনভাবে সাজানোর স্বপ্ন দেখছেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. গোলাম সারোয়ার।
তাঁর নির্বাচনী দর্শনেও রয়েছে ব্যতিক্রমী বার্তা- আগে কাজ, পরে ভোট। শুধু নিজের জন্য ভোট চাওয়া নয়, বরং এমন একজন মানুষকে নির্বাচিত করার আহ্বান জানাচ্ছেন, যিনি নিজের স্বার্থের চেয়ে সমাজের স্বার্থকে বড় করে দেখবেন।
তাঁর ভাষায়, আমাকে নয়, এমন একজন মানুষকে নির্বাচিত করুন, যিনি নিজের থেকে সমাজের জন্য কিছু করতে পারেন।
২৭টি গ্রাম, ৯টি ওয়ার্ড এবং প্রায় ৪৭ হাজার ভোটারের এই ইউনিয়নকে তিনি দেখতে চান একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ, মানবিক ও স্বনির্ভর জনপদ হিসেবে। যেখানে নাগরিক সেবা পেতে মানুষকে হয়রানির শিকার হতে হবে না, উন্নয়ন হবে পরিকল্পিতভাবে, সরকারি বরাদ্দ পৌঁছাবে প্রকৃত উপকারভোগীর হাতে এবং ইউনিয়নের প্রতিটি মানুষ উন্নয়ন কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
তাঁর স্বপ্নের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি মৌলিক পরিবর্তন—চেয়ারম্যানকেন্দ্রিক নয়, জনগণকেন্দ্রিক ইউনিয়ন পরিষদ।
একা চেয়ারম্যান নয়, উন্নয়নের অংশীদার হবেন ২৭ গ্রামের মানুষ: গোলাম সারোয়ার মনে করেন, প্রায় ৪৭ হাজার মানুষের প্রত্যাশা পূরণে একজন চেয়ারম্যানের পক্ষে এককভাবে সব দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই ইউনিয়ন পরিষদের ক্ষমতা ও দায়িত্বের বিকেন্দ্রীকরণ করতে চান তিনি।
এ লক্ষ্যে ২৭টি গ্রামের প্রতিটি থেকে একজন করে প্রতিনিধি নিয়ে ২৭ সদস্যের একটি উপদেষ্টা পরিষদের প্রস্তাব দিয়েছেন। প্রতিটি গ্রামে ১১ সদস্যের একটি কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে সৎ, দক্ষ, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য ব্যক্তিকে প্রতিনিধি হিসেবে মনোনীত করার পরিকল্পনা রয়েছে।
এর সঙ্গে ৯ জন সাধারণ ইউপি সদস্য, ৩ জন সংরক্ষিত নারী সদস্য এবং সংখ্যালঘু সম্প্রদায় থেকে ৩ জন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করে মোট ৪৩ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠনের পরিকল্পনা তাঁর।
তিনি বলেন, আমি চাই না সব ক্ষমতা একজন চেয়ারম্যানের হাতে থাকুক। এলাকার মানুষই এলাকার উন্নয়ন ও সমস্যা সমাধানে ভূমিকা রাখুক। চেয়ারম্যান হিসেবে আমি সমন্বয়কের দায়িত্ব পালন করতে চাই।
অর্থাৎ তাঁর ভাবনায় চেয়ারম্যান হবেন নেতৃত্ব ও সমন্বয়ের দায়িত্বে, আর উন্নয়ন কার্যক্রমে অংশীদার হবেন প্রতিটি গ্রামের মানুষ।
নাগরিক সেবা নিতে আর ছুটতে হবে না ইউনিয়ন পরিষদে: জন্মনিবন্ধন, মৃত্যু সনদ, নাগরিক সনদ, ভোটার আইডি সংশোধন কিংবা ট্রেড লাইসেন্স—এসব প্রয়োজনীয় সেবা নিতে সাধারণ মানুষকে যেন বারবার ইউনিয়ন পরিষদে যেতে না হয়, সে জন্য প্রতিটি ওয়ার্ডের মধ্যস্থলে একটি আলাদা নাগরিক সেবা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছেন তিনি।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য ও গ্রামের প্রতিনিধিরা সেখানে বসে নাগরিকদের প্রয়োজনীয় সেবা পেতে সহযোগিতা করবেন। তাঁর লক্ষ্য, ইউনিয়নের প্রত্যন্ত গ্রামের একজন সাধারণ মানুষও যেন সহজে সরকারি সেবা গ্রহণ করতে পারেন।
একই সঙ্গে ইউনিয়ন পরিষদের কর আদায়ে স্বচ্ছতা আনতে সরাসরি জনপ্রতিনিধিদের মাধ্যমে কর সংগ্রহ, মানি রিসিট প্রদান এবং নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দেওয়ার ব্যবস্থা করতে চান তিনি। বাড়ির ধরন অনুযায়ী কর নির্ধারণ, সময়মতো নোটিশ এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরিকল্পনাও রয়েছে।
রাস্তা, ড্রেন ও অবকাঠামো উন্নয়নে থাকবে বিশেষজ্ঞদের নজর: উন্নয়ন মানে শুধু রাস্তা নির্মাণ কিংবা ড্রেন তৈরি নয়; উন্নয়ন হতে হবে টেকসই ও ভবিষ্যৎ উপযোগী—এমনটাই মনে করেন গোলাম সারোয়ার। তাই বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, সার্ভেয়ার, প্লাম্বিং ইঞ্জিনিয়ার, সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে একটি কারিগরি দপ্তর গঠনের পরিকল্পনা করেছেন তিনি। তাঁর মতে, অপরিকল্পিত বাড়িঘর নির্মাণ, রাস্তার জায়গা না ছাড়া এবং যথাযথ পরিকল্পনার অভাবে অনেক এলাকায় চলাচল ও অবকাঠামোগত সমস্যা তৈরি হচ্ছে। এসব সমস্যা সমাধানে প্রকৌশলীদের তত্ত্বাবধানে রাস্তা, সেতু, কালভার্ট ও ড্রেন নির্মাণ করতে চান তিনি। জরুরি ভিত্তিতে সংস্কারকাজ পরিচালনার জন্য প্রতিটি ওয়ার্ডে তিনজন করে ২৭ জন এবং সংরক্ষিত তিনটি ওয়ার্ডের জন্য আরও তিনজনসহ মোট ৩০ জন শ্রমিক অস্থায়ীভাবে নিয়োগের পরিকল্পনাও রয়েছে।
গ্রাম্য আদালতে আইনি কাঠামো ও ন্যায়বিচারের উদ্যোগ: গ্রাম্য আদালতের বিচারব্যবস্থাকে আরও কার্যকর ও গ্রহণযোগ্য করতে সৎ এবং অভিজ্ঞ প্যানেল আইনজীবী নিয়োগ, এবং বিচার ব্যবস্থার সভাপতির নেতৃত্বে একটি স্বচ্ছ বোর্ড গঠনের পরিকল্পনার কথা জানান গোলাম সারোয়ার।
তিনি বলেন, বিচার একটি স্পর্শকাতর বিষয়। এখানে অনেক সময় তদন্ত, সাক্ষ্য-প্রমাণ এবং আইনি বিষয় বিবেচনার প্রয়োজন হয়। তাই আবেগ বা ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে নয়, আইনসম্মতভাবে বিচার কার্যক্রম পরিচালিত হওয়া উচিত। এ ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের সম্পৃক্ত করে প্রকৃত ন্যায়বিচার নিশ্চিত করতে চান তিনি।
জলাবদ্ধতার অভিশাপ থেকে কৃষিজমি বাঁচাতে ডিজিটাল মাস্টারপ্ল্যান: মোকাম ইউনিয়নের ভবিষ্যৎ উন্নয়ন ভাবনায় কৃষিজমি ও পরিবেশ সংরক্ষণকে বিশেষ গুরুত্ব দিয়েছেন এই প্রার্থী।তাঁর আশঙ্কা, এখনই পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা না গেলে আগামী দিনে জলাবদ্ধতা, কৃষিজমির ক্ষতি ও পরিবেশদূষণ ভয়াবহ রূপ নিতে পারে।
এ সমস্যা সমাধানে ডিজিটাল জরিপের মাধ্যমে পূর্ণাঙ্গ ড্রেনেজ মাস্টারপ্ল্যান তৈরি করে ৯টি ওয়ার্ডে ৯টি প্রধান ড্রেন নির্মাণের পরিকল্পনা রয়েছে। বক্স কালভার্টের আদলে ড্রেন নির্মাণ করা হবে, যাতে ওপর দিয়ে মানুষ চলাচল করতে পারে এবং নিচ দিয়ে পানি ও বর্জ্য নির্দিষ্ট খালে প্রবাহিত হয়। তাঁর স্বপ্ন, বর্ষায় জলাবদ্ধতায় মানুষের দুর্ভোগ কমবে, কৃষিজমি রক্ষা পাবে এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকবে।
পরিচ্ছন্ন গ্রাম, সুস্থ মানুষ—বাড়ি বাড়ি যাবে ময়লা সংগ্রহের ভ্যান: একটি সুন্দর ইউনিয়নের অন্যতম শর্ত পরিচ্ছন্ন পরিবেশ। এ ভাবনা থেকে প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ, নির্দিষ্ট স্থানে ডাস্টবিন স্থাপন এবং ভ্যানের মাধ্যমে বাড়ি বাড়ি থেকে ময়লা সংগ্রহের ব্যবস্থা করতে চান গোলাম সারোয়ার।তিনি বলেন, ইউনিয়ন পরিষদের নিজস্ব জমি না থাকলে স্বচ্ছ প্রক্রিয়ায় জমি কিনে বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট স্থান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। নিয়মিত পরিচ্ছন্নতা সেবার কথাও তিলি উল্লেখ করে বলেন, আপনি সেবা দিলে জনগণ ও আপনাকে সেভা করতে সহায়তা করবেন।
১৫ শয্যার হাসপাতালকে মানুষের আস্থার ঠিকানা করতে চান: অসুস্থ হলে চিকিৎসার জন্য দূরে ছুটতে হয়—এমন বাস্তবতা থেকে ইউনিয়নবাসীকে মুক্ত করতে চান গোলাম সারোয়ার। মোকাম ইউনিয়নের ১৫ শয্যাবিশিষ্ট হাসপাতালটি সংস্কার করে নিয়মিত চিকিৎসাসেবা চালু করা তাঁর অন্যতম অগ্রাধিকার। প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, জনবল, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে চান তিনি। পাশাপাশি কমিউনিটি ক্লিনিকগুলো পুনরুজ্জীবিত করে নিয়মিত তদারকি এবং সরকারি বরাদ্দ অনুযায়ী ওষুধ সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
সবচেয়ে মানবিক উদ্যোগ হিসেবে ব্যক্তিগত অর্থায়নে একটি অ্যাম্বুলেন্স দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, আমি চেয়ারম্যান হই বা না হই, ব্যক্তিগত তহবিল থেকে ইউনিয়নের মানুষের জন্য একটি অ্যাম্বুলেন্স দেব। মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোই আমার কাছে বড় বিষয়। আমি মানুষকে অনেক আগেই এই প্রতিশ্রুতি দিয়েছি।আমি আমার কথা রাখবো।
মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার থেকে শুরু হবে আন্দোলন: মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, একটি পরিবার ও সমাজকেও বিপর্যস্ত করে—এ উপলব্ধি থেকে মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চান গোলাম সারোয়ার। তাঁর পরিকল্পনায় রয়েছে সামাজিক আন্দোলন, প্রশাসন, শিক্ষক, অভিভাবক, পরিবার, যুবসমাজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে সম্মিলিত উদ্যোগ। শিক্ষার্থীদের উপস্থিতি ও চলাফেরার বিষয়ে অভিভাবকদের সচেতন করা এবং কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকলে দ্রুত অভিভাবকদের জানানো হবে। তবে তাঁর দৃষ্টিতে মাদকাসক্তদের শুধু শাস্তি দিলেই সমস্যার সমাধান হবে না। তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এ জন্য আধুনিক মাদকাসক্তি নিরাময়কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
শিক্ষা হবে ভবিষ্যৎ গড়ার হাতিয়ার: একটি উন্নত ইউনিয়ন গড়তে শিক্ষার বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন এবং নিয়মিত তদারকির ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি। তিনি বলেন, এসএসসি ও উচ্চমাধ্যমিক পর্যায়ে অনেক শিক্ষার্থী কেন পড়াশোনা থেকে ছিটকে পড়ে, তা অনুসন্ধান করে সমাধানের উদ্যোগ নিতে চান। শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা, অভিভাবকদের সঙ্গে যোগাযোগ, বিদ্যালয়ের জলাবদ্ধতা ও অবকাঠামোগত সমস্যা সমাধান তাঁর পরিকল্পনার অংশ। এর মধ্যে জরাজীর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংস্কার ও আধুনিকায়ন, প্রয়োজনে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন এবং শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ বিকাশেও উদ্যোগ নিয়ে এগিয়ে যেতো চান তিনি।
বেকারত্ব দূরীকরণে কারিগরি শিক্ষা ও কর্মসংস্থানের ভাবনা: শিক্ষিত বেকারত্বের বাস্তবতা তাঁকে ভাবিয়ে তোলে। তাঁর মতে, শুধু ডিগ্রি অর্জন নয়, শিক্ষার্থীদের এমন দক্ষতা অর্জন করতে হবে, যা দিয়ে তারা নিজেরাই কর্মসংস্থান তৈরি করতে পারে। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার সুযোগ বাড়ানো, দক্ষতা উন্নয়ন এবং কর্মমুখী প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে চান তিনি। এ ছাড়া বিদেশগামী কর্মীদের জন্য সরকারি প্রবাসী ঋণ সহজলভ্য করা এবং ঋণ গ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তদন্তে কমিটি গঠনের পরিকল্পনার কথাও জানিয়েছেন।
নিরাপত্তায় ২৭ কর্মী, গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা: একটি নিরাপদ জনপদ গড়তে প্রতিটি ওয়ার্ডে তিনজন করে মোট ২৭ জন নিরাপত্তাকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে তাঁর। পাশাপাশি ইউনিয়নের গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন। গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকদের নিয়ে প্রতি মাসে উন্মুক্ত মতবিনিময় সভা আয়োজনের মাধ্যমে এলাকার সমস্যা, উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিয়মিত আলোচনা করার পরিকল্পনাও রয়েছে।
নিমসার বাজারের রাজস্বেই গড়ে উঠতে পারে স্বনির্ভর ইউনিয়ন: মোকাম ইউনিয়নের অর্থনৈতিক সম্ভাবনার অন্যতম কেন্দ্র নিমসার বাজার। এই বাজারের রাজস্ব ও ইউনিয়ন পরিষদের নিজস্ব আয়কে উন্নয়নের প্রধান শক্তি হিসেবে কাজে লাগাতে চান গোলাম সারোয়ার।তাঁর দেওয়া তথ্যমতে, চলতি বছরে নিমসার বাজার থেকে সরকারের প্রায় ১২ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে। এর মধ্যে ইউনিয়ন পরিষদের প্রাপ্য অংশ প্রায় ৩ কোটি টাকা। এই অর্থ যথাযথভাবে ব্যবস্থাপনা করে পরিচ্ছন্নতা, কর্মচারীদের বেতন-ভাতা, নাগরিক সেবা ও অবকাঠামোগত উন্নয়নে ব্যয় করে কর্মস্থানের ব্যবস্থা জনগণের সেবার মান বৃদ্ধি করা যায় বলে তিনি জানান। পাশাপাশি ইউনিয়ন পরিষদের ৪১টি সম্ভাব্য রাজস্ব খাত পর্যালোচনা করে স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে নিজস্ব আয় বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
সামাজিক কর্মকাণ্ডের শিকড় পরিবারে, অনুপ্রেরণা বাবা-মা: গোলাম সারোয়ারের সামাজিক কর্মকাণ্ডের পেছনে রয়েছে পারিবারিক অনুপ্রেরণা। নিজের বাবার অবদানের কথা বলতে গিয়ে তিনি জানান, তাঁর বাবা কৃষক পরিবারের সন্তান হয়েও নিজের পরিশ্রমে প্রতিষ্ঠিত হয়েছেন এবং জীবনের বড় একটি অংশ মানুষের কল্যাণে ব্যয় করেছেন। তিনি আরও বলেন, নিমসার জুনাব আলী কলেজ প্রতিষ্ঠায় তাঁর বাবা ১২ একর জমি দান করেছেন। তাহেরা জুনাব আলী বালিকা উচ্চবিদ্যালয়ে দিয়েছেন প্রায় ৫৪ শতক এবং একটি প্রাথমিক বিদ্যালয়ের জন্য দিয়েছেন ৩০ শতক জমি।
বাবার সেই মানবিক ধারাবাহিকতা ধরে রেখে তিনিও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়েছেন। শিকারপুরের একটি মাদ্রাসায় ব্যক্তিগতভাবে প্রায় ১৮ শতক জমি দান করেছেন এবং সেখানে মায়ের নামে ‘আমেনা জুনাব আলী ছাত্রাবাস’ প্রতিষ্ঠা করেছেন।
এ ছাড়া আমেনা জুনাব আলী ফাউন্ডেশন-এর মাধ্যমে দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি, শিক্ষা সহায়তা, দারিদ্র্য বিমোচন ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছেন বলে জানান তিনি। নিমসার তাহেরা জুনাব আলী বালিকা উচ্চবিদ্যালয়ে অডিটোরিয়াম, নামাজের স্থান, অজুখানা ও কমনরুম নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজেও ফাউন্ডেশনটি অর্থায়ন করেছে।
গরিবের প্রাপ্য অধিকার নিশ্চিত করাই হবে অঙ্গীকার: সরকারি বরাদ্দের শতভাগ সঠিক বণ্টন নিশ্চিত করতে চান গোলাম সারোয়ার। তাঁর অভিযোগ, অনেক সময় পরিবহন খরচের কথা বলে দরিদ্র মানুষের প্রাপ্য চাল বা অন্যান্য সহায়তা থেকে অংশ কেটে রাখা হয়। তিনি বলেন, সরকার যে পরিমাণ বরাদ্দ দেবে, জনগণ ঠিক সেই পরিমাণই পাবে। পরিবহন খরচসহ প্রয়োজনীয় ব্যয় ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় থেকে বহন করার চেষ্টা করব। গরিব মানুষের হক কেউ যেন কেড়ে নিতে না পারে, সেটি নিশ্চিত করতে চাই।
ভোটের আগে কাজ, প্রতিশ্রুতির আগে বাস্তব উদ্যোগ: গোলাম সারোয়ারের পুরো কর্মপরিকল্পনার কেন্দ্রে রয়েছে একটি দর্শন—জনপ্রতিনিধি মানে জনগণের ওপর কর্তৃত্ব নয়, জনগণের কাছে দায়বদ্ধতা। তিনি এমন একটি ইউনিয়ন পরিষদ গড়তে চান, যেখানে সিদ্ধান্ত গ্রহণে থাকবে জনগণের অংশগ্রহণ, নাগরিক সেবায় থাকবে স্বচ্ছতা, উন্নয়নে থাকবে পরিকল্পনা এবং প্রতিটি সরকারি অর্থের ব্যবহারে থাকবে জবাবদিহি।
তাঁর ভাষায়, আমার স্লোগান—আগে কাজ, পরে ভোট। আমি সামাজিক ও উন্নয়নমূলক কাজ শুরু করেছি। ভোটের জন্য নয়, মানুষের কল্যাণের জন্য কাজ করতে চাই। পাঁচ বছর সময় পেলে ইউনিয়ন পরিষদের নিজস্ব আয়, সরকারি বরাদ্দ এবং জনগণের সহযোগিতায় মোকাম ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করতে চাই।
ইউনিয়নবাসীর উদ্দেশে তাঁর শেষ কথাটিও যেন পুরো কর্মপরিকল্পনার সারকথা—আমাকে ভোট দেবেন কি দেবেন না, সেটি আপনাদের সিদ্ধান্ত। তবে এমন একজন মানুষকে নির্বাচিত করুন, যিনি নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজের জন্য কিছু করতে পারেন।
মোকাম ইউনিয়নের ২৭টি গ্রামের মানুষের কাছে তাঁর স্বপ্ন এখন একটি নতুন প্রত্যাশার নাম। সেই স্বপ্ন বাস্তবায়নের পথ কতটা সুদূরপ্রসারী হবে, তা নির্ভর করবে পরিকল্পনার বাস্তবায়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং জনগণের অংশগ্রহণের ওপর। কারণ, একটি মডেল ইউনিয়ন শুধু একজন চেয়ারম্যানের হাতে গড়ে ওঠে না; গড়ে ওঠে মানুষের সম্মিলিত স্বপ্ন, দায়িত্ববোধ ও অংশগ্রহণে।
মো: গোলাম সারোয়ার
চেয়ারম্যান পদপ্রার্থী
৭ নম্বর মোকাম ইউনিয়ন পরিষদ, বুড়িচং, কুমিল্লা।
নিউজডেস্ক//আম্মান









