
নিবন্ধন ছাড়াই চিকিৎসক পরিচয়ে রোগী দেখা, অদক্ষ কর্মী দিয়ে এক্স-রে ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ**
কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় বিভিন্ন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ দল।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ভুয়া চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান, অদক্ষ কর্মী দিয়ে এক্স-রে করানো, পরীক্ষার জন্য অতিরিক্ত ফি আদায় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
অভিযানে কুমিল্লা এভারকেয়ার হাসপাতালকে ১ লাখ ৫০ হাজার টাকা, খিদমাহ স্পেশালাইজড হাসপাতালকে ২০ হাজার টাকা এবং আতিক মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, কুমিল্লা এভারকেয়ার হাসপাতালে রায়হানুল হাসান নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে নিবন্ধন ছাড়াই ডিউটি চিকিৎসকের দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত রোগী দেখছিলেন। তিনি নিজেকে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস বলে দাবি করলেও যাচাই-বাছাইয়ে এর সত্যতা পাওয়া যায়নি। এ ঘটনায় তার প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে নিবন্ধনবিহীন ব্যক্তির মাধ্যমে চিকিৎসাসেবা, অদক্ষ কর্মী দিয়ে এক্স-রে, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি পরীক্ষার ফি আদায় এবং ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির মতো অনিয়মও পাওয়া যায়।
অভিযান শেষে প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার মুচলেকা নেওয়া হয় এবং সতর্ক করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাল আবেদিন, এমওডিসি ডা. প্রসেনজিৎ বিশ্বাস, সদর মেডিকেল অফিসার ডা. জিনাত মুসতারী এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ। এ সময় জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।
অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও ফার্মেসিতে অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজডেস্ক//আম্মান









