২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
HomeSecond leadউৎসে কর কর্তনে স্বচ্ছতা আনতে দেশজুড়ে এনবিআরের বিশেষ নজরদারি

উৎসে কর কর্তনে স্বচ্ছতা আনতে দেশজুড়ে এনবিআরের বিশেষ নজরদারি

nbr

উৎসে কর কর্তন ও জমাদান কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে দেশব্যাপী মনিটরিং ও যাচাইকরণ কার্যক্রম জোরদার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে কর অঞ্চলগুলোর বিশেষ টিম মাঠপর্যায়ে পরিদর্শন ও যাচাই কার্যক্রম পরিচালনা করছে।

রোববার (১৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এনবিআর এ তথ্য জানিয়েছে।

এনবিআর জানায়, আয়কর আইন, ২০২৩-এর ১৪৭ ধারার আওতায় কর কর্মকর্তাদের নির্ধারিত ক্ষমতা ও দায়িত্ব সম্পর্কে করদাতা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সচেতন থাকতে হবে।

সংস্থাটির ভাষ্য অনুযায়ী, ১৪৭ ধারার অধীনে কর কর্মকর্তারা যেকোনো বাণিজ্যিক বা অর্থনৈতিক প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, ব্যবসা কেন্দ্র কিংবা দফতরে প্রবেশ করে সরেজমিন পরিদর্শন করতে পারবেন। একই সঙ্গে প্রতিষ্ঠানের হিসাবের বই, ভাউচার, ব্যাংক স্টেটমেন্ট, রসিদ এবং অর্থনৈতিক কার্যক্রম-সংশ্লিষ্ট অন্যান্য নথিপত্র পরীক্ষা ও তলব করার আইনগত ক্ষমতাও তাদের রয়েছে।

এছাড়া কম্পিউটার সিস্টেম, ক্লাউড সার্ভার, ডিজিটাল রেকর্ড কিংবা ইলেকট্রনিক ডিভাইসে সংরক্ষিত তথ্য পর্যালোচনা করার সুযোগ রয়েছে। প্রয়োজন হলে পাসওয়ার্ড বা এনক্রিপশন ভেঙেও তথ্য সংগ্রহ করা যাবে বলে আয়কর আইনে বিধান রাখা হয়েছে।

উৎসে কর্তিত করের সত্যতা যাচাইয়ের স্বার্থে প্রয়োজনীয় হিসাবের খাতা, নথিপত্র, ইলেকট্রনিক রেকর্ড অথবা সংশ্লিষ্ট ডিভাইস সাময়িকভাবে জব্দ করে নিজস্ব হেফাজতে রাখার ক্ষমতাও কর কর্মকর্তাদের রয়েছে। পাশাপাশি তারা প্রয়োজনীয় নথিপত্র, ইমেজ বা হিসাবের অনুলিপি সংগ্রহ করতে পারবেন এবং সেসব নথিতে সনাক্তকরণ চিহ্ন বা সিলমোহর ব্যবহার করতে পারবেন।

এনবিআর আরও জানায়, রাজস্ব আহরণসংক্রান্ত এ কার্যক্রমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বাধা সৃষ্টি করলে কিংবা অসহযোগিতা করলে আয়কর আইন, ২০২৩-এর ১৪৭(২) ধারায় জরিমানার বিধান রয়েছে।

করদাতাদের উদ্দেশে এনবিআর সঠিক আইনি ধারা ও নির্ধারিত অর্থনৈতিক কোড উল্লেখ করে ই-চালানের মাধ্যমে উৎসে কর্তিত কর সরকারি কোষাগারে জমা দেওয়ার আহ্বান জানিয়েছে।

এ ছাড়া, ১৪৭ ধারার প্রয়োগ নিয়ে কোনো ধরনের অস্পষ্টতা, জটিলতা, হয়রানি বা সংক্ষুব্ধতার অভিযোগ থাকলে জাতীয় রাজস্ব বোর্ডের সংশ্লিষ্ট কমিটির সদস্য সচিবের কাছে ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।