২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা নগরীর রাজাগঞ্জ রাজবাড়ী গেইট ফুটপাত দখলমুক্ত করতে কুসিক এর অভিযান, ভেঙে দেওয়া হলো অবৈধ দোকান; জরিমানা ২ জনকে

নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে কুমিল্লা নগরীর রাজগঞ্জ (রাজবাড়ী)  দুধ বাজার ও আশপাশের এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি করপোরেশন। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি ড্রেনের ওপর নির্মিত একটি অবৈধ দোকান ভেঙে দিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদন।।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে রাজগঞ্জ দুধ বাজারের সামনে ড্রেনের ওপর নির্মিত সুই-সুতা ও টেইলারিং সামগ্রী বিক্রির একটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এ সময় দোকানটির অবৈধ স্থাপনা ভেঙে অপসারণ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, পুলিশ সদস্যসহ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।


সিটি করপোরেশন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন বলেন, নগরীর সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখা, পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা এবং নগরীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

নগরবাসীর চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সড়ক, ফুটপাত ও ড্রেন দখল করে কোনো ধরনের অবৈধ স্থাপনা বা ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না। পরিচ্ছন্ন, নিরাপদ ও পরিকল্পিত নগরী গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিটি করপোরেশন।

নিউজডেস্ক//আম্মান