২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে না গিয়ে এসেছি ভিক্টোরিয়ার অনুষ্ঠানে’—মনিরুল হক চৌধুরী

কুমিল্লা প্রতিনিধি।।

‘শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যাওয়ার কথা থাকলেও সেখানে না গিয়ে আমি এসেছি আমার প্রিয় ভিক্টোরিয়া কলেজের অনুষ্ঠানে। যত দিন বেঁচে আছি, তত দিন আমি ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী—এটাই আমার পরিচয়।’ আবেগঘন কণ্ঠে কথাগুলো বলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল হক চৌধুরী।


তিনি আরও বলেন, আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ক্যান্টিন চালুর উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৬ উপলক্ষে মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে কলেজের প্রতিষ্ঠাতা মহারাজা বাহাদুর আনন্দ চন্দ্র রায়ের প্রতিকৃতিতে প্রধান অতিথি সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার ভূঁইয়া ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম) এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমির।

এ সময় ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম) ও সাবেক জিএস সানাউল্লাহ মজুমদারসহ ছাত্র সংসদের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার ভূঁইয়া, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের সাবেক ভিপি, জিএস ও এজিএস, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে কলেজের ১২৭ বছরের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি ও অর্জনের নানা দিক তুলে ধরা হয়। দীর্ঘ পথচলায় কুমিল্লা তথা দেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক অগ্রগতিতে ভিক্টোরিয়া কলেজের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বক্তারা।

বর্ণাঢ্য এ আয়োজনের মধ্য দিয়ে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয় ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস।

নিউজডেস্ক//আম্মান