২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লাবাসী দুই মহারাজকে নিয়েই উৎসব করতে চান

 ৮৮ বছরের ঐতিহ্য রক্ষায় ভক্তদের আহ্বান—বিভেদ নয়, দুই মহারাজের উপস্থিতিতে একসঙ্গে পূজা উদযাপনের দাবি
নিজস্ব প্রতিবেদন।।
কুমিল্লার রানীর বাজারের শ্রীশ্রী রাজস্থলী মন্দিরে রাম ঠাকুরের ৮৮ বছরের ঐতিহ্যবাহী উৎসব দুই মহারাজকে সঙ্গে নিয়েই উদযাপন করতে চান স্থানীয় ভক্তরা। দীর্ঘদিনের ধর্মীয় রীতিনীতি ও ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে অতীতের মতো দুই মহারাজের উপস্থিতিতে একসঙ্গে পূজা-অর্চনা ও ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন তাঁরা। তাঁদের দাবি, বিভেদ নয়, ঐক্য ও সম্প্রীতির মধ্য দিয়েই উৎসব উদযাপন করতে চান।
কৈবল্যধামের মহান্ত মহারাজ শ্রী কালীপদ ভট্টাচার্যের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রানীর বাজার শ্রীশ্রী রাজস্থলী মন্দিরের দ্বিতীয় তলায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রাম মণ্ডলীর ভক্তরা।
সংবাদ সম্মেলনে ভক্তরা জানান, গত ২২ নভেম্বর অধিবাস ও গঙ্গা অবগাহনের মধ্য দিয়ে এবারের উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। তাঁদের দাবি, প্রায় ৮৮ বছর ধরে ধর্মীয় তিথি-নক্ষত্র ও প্রচলিত রীতিনীতি অনুসরণ করে এ উৎসব উদযাপিত হয়ে আসছে। কিন্তু এবার দীর্ঘদিনের প্রচলিত নিয়মের ব্যত্যয় ঘটায় ভক্তদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
তাঁরা অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে কৈবল্যধামের মহান্ত মহারাজ শ্রী কালীপদ ভট্টাচার্য স্থানীয় ভক্তদের পাশাপাশি বংশপরম্পরায় দায়িত্ব পালন করে আসা মহন্ত শ্রী সুবাস চক্রবর্তী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন। এসব বক্তব্যকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তাঁরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সুবীর নন্দী বাবু, তাপস কুমার নাহা, জাপানপ্রবাসী অঞ্জন চৌধুরী, নারায়ণ মজুমদার নাড়ু, খোকন চন্দসহ রাম মণ্ডলীর অন্যান্য ভক্ত।
এ সময় ভক্তরা জানান, রাম ঠাকুরের ধর্মীয় পরম্পরায় দুই মহারাজের আলাদা ঐতিহাসিক সম্পৃক্ততা রয়েছে। তাঁদের ভাষ্য অনুযায়ী, প্রথম মহারাজ ধীরেন্দ্র চক্রবর্তী পদ্মার এপারের ভক্তদের দীক্ষা দেওয়ার দায়িত্ব বংশপরম্পরায় পরিচালনার নির্দেশনা দিয়ে গিয়েছিলেন। অতীতে দুই মহারাজ একসঙ্গে প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিলেও ২০২০ সাল থেকে মতবিরোধের কারণে পরিস্থিতির অবনতি ঘটে।
জাপানপ্রবাসী অঞ্জন চৌধুরী বলেন, এটি পৈতৃক সম্পত্তি কিংবা টাকা-পয়সা ভাগাভাগির বিষয় নয়। আমরা চাই, রাম ঠাকুরের ঐতিহ্যবাহী উৎসব সবাই মিলে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপন করতে। কোনো একক কর্তৃত্ব নয়, দুই মহারাজের উপস্থিতিতে ভক্তদের সম্মিলিত অংশগ্রহণই আমাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, পদ্মার ওপার থেকে আসা মহারাজ এবং চট্টগ্রামে অবস্থানরত মহারাজ—উভয়কেই আমরা সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। তাঁরা অতীতের মতো একসঙ্গে উপস্থিত হয়ে প্রার্থনা করবেন এবং উৎসবকে আনন্দমুখর মিলনমেলায় পরিণত করবেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রায় ৮৮ বছরের এই ধর্মীয় আয়োজনের সঙ্গে স্থানীয় ভক্তদের বিশ্বাস, আবেগ ও বংশপরম্পরার সম্পৃক্ততা রয়েছে। তাই ব্যক্তিগত মতপার্থক্য কিংবা নেতৃত্বের বিরোধে দীর্ঘদিনের ঐতিহ্য ও ভক্তদের মধ্যে বিভাজন সৃষ্টি হোক, তা তাঁরা চান না।
ভক্তদের একটাই প্রত্যাশা—বিভেদ নয়, ঐক্য চাই; একজন নয়, দুই মহারাজকে সঙ্গে নিয়েই ৮৮ বছরের ঐতিহ্যবাহী উৎসব উদযাপন করতে চাই।

নিউজডেস্ক//আম্মান