২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: ৪৮ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ৩২৫

অপরাধে সম্পৃক্ততা না পাওয়ায় ৯৫ জনকে মুচলেকায় পরিবারের জিম্মায় হস্তান্তর, ২৩০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। গত ৪৮ ঘণ্টায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও বিভিন্ন থানা পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ মোট ৩২৫ জনকে আটক করা হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের দিকনির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কিশোর গ্যাং, মাদক কারবারি, ছিনতাইকারী এবং নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ ও অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে ২৩০ জনের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরদিকে, অপরাধে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় ৯৫ জনকে মুচলেকা গ্রহণপূর্বক পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
অভিযান প্রসঙ্গে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম বলেন, অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষ যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন অযাচিত ভোগান্তিতে না পড়েন, তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কঠোর তদারকি ও প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, কিশোর গ্যাং, মাদক, ছিনতাইসহ সব ধরনের অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

নিউজডেস্ক//আম্মান