
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে বর্জ্য না ফেলতে হোটেল মালিকদের সতর্কবার্তা
নিজস্বপ্রতিবেদন।।
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে নগরীর আলেখাচর বিশ্বরোড এলাকায় যুদ্ধজয়ের সামনে থেকে পদুয়ার বাজার পর্যন্ত বিভিন্ন পয়েন্টে পরিচালিত পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু।

পরিদর্শনকালে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, প্রতিদিনই মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। এর অন্যতম কারণ আমাদের অসচেতনতা। সিটি কর্পোরেশন নগরীর রাস্তা ও জনসাধারণের চলাচলের স্থান পরিষ্কার রাখতে পারে, কিন্তু কারও ব্যক্তিগত বাড়ির ছাদ কিংবা আঙিনা পরিষ্কার করা সম্ভব নয়। তাই প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ির ছাদ, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। এসব স্থানে জমে থাকা পানি থেকেই ডেঙ্গু মশার প্রজনন হতে পারে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তিন মাসের জন্য ক্লিনিং ডে কর্মসূচি ঘোষণা করেছেন। এর ধারাবাহিকতায় প্রতি শনিবার নগরীর ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হচ্ছে। দেশের অন্যান্য সিটি কর্পোরেশনের মতো কুমিল্লাতেও এ কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে সিটি কর্পোরেশন এলাকার অধিকাংশ স্থানে বর্জ্য অপসারণ করা হয়েছে।
হাইওয়ের পাশে বর্জ্য ফেলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিভিন্ন হোটেল ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের বারবার সতর্ক করা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে, তারা সচেতন না হলে এরপর থেকে কুমিল্লা সিটি কর্পোরেশনের মাধ্যমে জেল জরিমান করা হবে। তারপরও কেউ কেউ মহাসড়কের পাশে বর্জ্য ফেলছেন। যদিও এসব এলাকার কিছু অংশ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত নয়, তবুও দেশ ও নগরী পরিষ্কার রাখা সবার দায়িত্ব।
হোটেল মালিক ও সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বলেন, আজকের পর থেকে কেউ যেন মহাসড়কের পাশে বর্জ্য না ফেলেন। এই সড়ক দিয়ে দেশি-বিদেশি মানুষ চলাচল করেন। রাস্তার পাশে ময়লা-আবর্জনা পড়ে থাকলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। বিষয়টি সবাইকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

এ সময় নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শনকালে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক হাজী আনোয়ারুল হক, ৩ নম্বর দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









