
নিষিদ্ধ গোলাপজল ও কেওড়া জল ব্যবহারের প্রমাণ, ভোক্তা অধিকারের অভিযান
কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা নগরীর রামঘাটলা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং খাদ্যে নিষিদ্ধ উপাদান গোলাপজল ও কেওড়া জল ব্যবহারের অপরাধে ‘হাজী বিরিয়ানি হাউজ’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (১৫ নভেম্বর) দুপুর ৩টা থেকে বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটির রান্নাঘরের পরিবেশ ও খাদ্য তৈরিতে ব্যবহৃত উপাদান পরীক্ষা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে বিরিয়ানি, তেহারি, মোরগপোলাও ও কাচ্চি তৈরিতে নিষিদ্ধ গোলাপজল ও কেওড়া জল ব্যবহার করা হচ্ছিল। পাশাপাশি রান্নাঘরে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আবুল কালাম আজাদ সহযোগিতা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে।
সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নগরীর বিভিন্ন খাবারের দোকান ও রেস্তোরাঁয় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজডেস্ক//আম্মান









