২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম নকশা অনুমোদন, গ্রাহকদের হাতে ১১ ভবনের অনুমোদনপত্র হস্তান্তর

আবেদনের এক মাসের মধ্যেই অনুমোদন, প্রতি মাসে নিয়মিত সভার মাধ্যমে দ্রুত সেবা দেওয়ার ঘোষণা চেয়ারম্যানের

কুমিল্লার পরিকল্পিত, আধুনিক ও নিরাপদ নগরায়ণ নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে ভবন নির্মাণের নকশা অনুমোদন কার্যক্রম শুরু করেছে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (কুউক)। কর্তৃপক্ষ প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো ১১টি নতুন ভবনের নকশা অনুমোদন দিয়ে অনুমোদনপত্র ও অনুমোদিত নকশা গ্রাহকদের হাতে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় নগরীর কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব অনুমোদনপত্র হস্তান্তর করা হয়।

চলতি বছরের মে মাসে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হওয়ার পর ভবন নির্মাণের নকশা অনুমোদনের ক্ষেত্রে এটিই প্রথম আনুষ্ঠানিক কার্যক্রম। প্রথম পর্যায়ে ১৩টি আবেদন বিবেচনায় নিয়ে ১১টি নতুন ভবনের নকশা অনুমোদন দেওয়া হয়। আবেদনের মাত্র এক মাসের মধ্যে অনুমোদনপত্র হাতে পেয়ে সন্তোষ ও উচ্ছ্বাস প্রকাশ করেন সেবাগ্রহীতারা।

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের অথরাইজড অফিসার মো. শাখাওয়াত হোসেন খান এবং সহকারী অথরাইজড অফিসার ও তথ্য কর্মকর্তা প্রকৌশলী শরিফুল হক।

অনুষ্ঠানে চেয়ারম্যান উদবাতুল বারী আবু বলেন, কুমিল্লাকে একটি পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। ভবন নির্মাণের নকশা অনুমোদন প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করাই আমাদের অন্যতম অগ্রাধিকার। সাধারণ মানুষ যেন অযথা সময়ক্ষেপণ ও ভোগান্তি ছাড়াই প্রয়োজনীয় সেবা পেতে পারেন, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, এখন থেকে প্রতি মাসে অন্তত একটি করে নকশা অনুমোদন সভা আয়োজন করা হবে। আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করে দ্রুততম সময়ে সেবাগ্রহীতাদের আবেদন নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। নাগরিকদের ভোগান্তি শূন্যের কোঠায় নামিয়ে আনতে কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করবে।

চেয়ারম্যান বলেন, নতুন এই কর্তৃপক্ষের কার্যক্রমের মাধ্যমে কুমিল্লার নগর উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে শৃঙ্খলা ফিরে আসবে। অপরিকল্পিত ভবন নির্মাণের পরিবর্তে নিয়মতান্ত্রিক ও নিরাপদ নির্মাণ নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য নগরী গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

কর্তৃপক্ষ প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো ১১টি ভবনের নকশা অনুমোদন ও গ্রাহকদের হাতে অনুমোদনপত্র হস্তান্তরের মধ্য দিয়ে কুমিল্লার পরিকল্পিত নগরায়ণের ক্ষেত্রে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত নকশা অনুমোদন কার্যক্রম চালু থাকলে নগরীর অবকাঠামোগত উন্নয়ন, নিরাপদ ভবন নির্মাণ এবং নাগরিক সেবা প্রদানে ইতিবাচক পরিবর্তন আসবে।

নিউজডেস্ক//আম্মান