জিপিএ-৫ পেয়েছেন মাত্র ১ হাজার ৩১৩ জন,ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে
কুমিল্লা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার মান নিয়ে এবার উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। বোর্ডের অধীনে ৪৫৬টি কলেজের মধ্যে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি। অন্যদিকে পুরো বোর্ডে শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে মাত্র চারটি কলেজ। এমন ফলাফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠদান, ব্যবস্থাপনা ও শিক্ষার পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।
এবার কুমিল্লা বোর্ডে ৯২ হাজার ১৬২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৪ হাজার ৭২৭ জন। পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন মাত্র ১ হাজার ৩১৩ জন। গত পাঁচ বছরের মধ্যে এবারই বোর্ডের পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা সর্বনিম্ন।
বোর্ডের ফলাফলে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে, ১৫টি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। প্রতিষ্ঠানগুলো হলো—চাঁদপুর সদর উপজেলার চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ, মতলব দক্ষিণের ড. এম শামসুল হক মডেল কলেজ, কুমিল্লার লালমাই উপজেলার সুরুজ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ, চৌদ্দগ্রামের বগৈর গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, ব্রাহ্মণপাড়ার প্রফেসর সিকান্দার আলী ভূঁইয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ ও বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ।
এ ছাড়া লক্ষ্মীপুর সদর উপজেলার ক্যামব্রিজ সিটি কলেজ, কমলনগরের তোরাবগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ ও ফজু মিয়ার হাট হাই স্কুল অ্যান্ড কলেজ, বীর মুক্তিযোদ্ধা ড. মমতাজ উদ্দীন আলোকিত কলেজ, লক্ষ্মীপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, ফেনী সদরের বেগম শামসুন্নাহার গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও বিকন মডেল কলেজ এবং নোয়াখালীর বেগমগঞ্জের আপার মডেল কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি।
অন্যদিকে শতভাগ পাসের তালিকায় রয়েছে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, মেঘনা উপজেলার মোজাফফর আলী হাই স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা ক্যাডেট কলেজ এবং ফেনী গার্লস ক্যাডেট কলেজ।
এদিকে ফলাফল বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, ইংরেজি ও উচ্চতর গণিতে অকৃতকার্যের হার বেশি হওয়ায় সামগ্রিক ফলাফলে নেতিবাচক প্রভাব পড়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের মোবাইল আসক্তি, বিভিন্ন আন্দোলন এবং পরীক্ষা পদ্ধতির পরিবর্তনকে ফলাফল খারাপ হওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।
পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, শূন্য পাসের ১৫টি কলেজকে শিগগিরই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
তবে ১৫টি কলেজের একজন শিক্ষার্থীও পাস করতে না পারার ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠদান কার্যক্রম, শিক্ষকদের দায়িত্বশীলতা, নিয়মিত ক্লাস পরিচালনা ও একাডেমিক তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে। শুধু কারণ দর্শানোর নোটিশ নয়, এসব প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও ফলাফল বিপর্যয়ের প্রকৃত কারণ অনুসন্ধান করে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
উল্লেখ্য, ২০২৫ সালে কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৪৮ দশমিক ৮৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ২ হাজার ৭০৭ জন। সে তুলনায় ২০২৬ সালে পাসের হার কমার পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও অর্ধেকের নিচে নেমে এসেছে।
নিউজডেস্ক//আম্মান











