
কুমিল্লা সিটি কর্পোরেশনজুড়ে আজ রোববার (২৮ জুন) একযোগে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। শিশুদের পুষ্টি নিশ্চিত করা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত জটিলতা কমানোর লক্ষ্যে পরিচালিত এ কর্মসূচির আওতায় এবার প্রায় ৫৫ হাজার ১৯১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন।
সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন বিকেল ৪টা পর্যন্ত চলবে। এ উপলক্ষে সিটি কর্পোরেশনের নগর ভবন প্রাঙ্গণে সকাল ১০টায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব ইউসুফ মোল্লা টিপু।
সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, নগরীর শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য ১০৪টি স্থায়ী কেন্দ্রের পাশাপাশি জনগুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে আরও ১০টি অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে নির্ধারিত বয়সের শিশুদের নিরাপদ ও সুশৃঙ্খলভাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ইউনিসেফের সহায়তায় সংগৃহীত ভিটামিন ‘এ’ ক্যাপসুল ইতোমধ্যে নগরীর সব বিতরণ কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ৮ হাজার শিশুর জন্য নীল রঙের এবং প্রায় ৪৮ হাজার শিশুর জন্য লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল সংরক্ষণ ও বিতরণের ব্যবস্থা করা হয়েছে।
এ কর্মসূচি বাস্তবায়নে কুমিল্লা সিটি কর্পোরেশনের সঙ্গে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করছে। সহযোগী সংস্থাগুলোর মধ্যে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রজেক্ট, সূর্যের হাসি ক্লিনিক, রোটারি ক্লাব, এপেক্স ক্লাব অব কুমিল্লা সিটি এবং বিডি ক্লিন, কুমিল্লা।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, ৬ থেকে ১১ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি করে উচ্চ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
কুমিল্লা সিটি কর্পোরেশন সংশ্লিষ্টরা অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ কেন্দ্র থেকে তাদের সন্তানকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছেন। তাদের মতে, শিশুর স্বাভাবিক বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত নানা জটিলতা প্রতিরোধে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।









