
কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে একটি যানবাহনসহ প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ব্লাউজ ও ম্যাক্সি জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
শনিবার (১৮ জুলাই) ভোর আনুমানিক ৩টার দিকে কুমিল্লা ব্যাটালিয়নের অধীনস্থ গীতবাড়ি বিওপির টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মনতলা এলাকায় মালিকবিহীন অবস্থায় একটি যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ব্লাউজ ও ম্যাক্সি জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ৯৫ হাজার টাকা। চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে আরও জানানো হয়, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।









