২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জিয়াউর রহমানের আদর্শে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে: কৃষিমন্ত্রী ,কুমিল্লার উন্নয়নে আমাদের মাঝে কোনো বিভাজন নেই: এমপি মনিরুল হক চৌধুরী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুমিল্লায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে দেশের উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। নানা রাজনৈতিক সংকট ও অনিশ্চয়তার মধ্যে ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার অভ্যুত্থান দেশের ইতিহাসে বিশেষ স্থান করে নিয়েছে। এ দিবসের অন্যতম শিক্ষা হচ্ছে বিভেদ ভুলে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়া। এই চেতনাকে ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, দেশের কল্যাণে এবং মানুষের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দেশ ও মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করাই হওয়া উচিত সবার লক্ষ্য।
শনিবার সকালে নগরীর কান্দিরপাড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়। র‍্যালিটি ঈদগাহ মোড়সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।
এ সময় মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লার উন্নয়নের প্রশ্নে আমাদের মধ্যে কোনো বিভাজন নেই। নগরী ও জেলার উন্নয়ন এবং মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
র‍্যালিতে মহানগরের ২৭টি ওয়ার্ডসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
নিউজডেস্ক//আম্মান