
কুমিল্লায় মানসিক ভারসাম্যহীন নারীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের তৈয়া চৌকিদারের বাড়িতে এক মানসিক ভারসাম্যহীন নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করার অভিযোগ উঠেছে। পানি ছুড়ে মারার অভিযোগকে কেন্দ্র করে একই বাড়ির মোস্তফা ও জাহাঙ্গীরের স্ত্রীরা ওই নারীকে গাছের সঙ্গে বেঁধে রাখেন বলে অভিযোগ করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বিষয়টি নিয়ে সৌদি আরব প্রবাসী একই বাড়ির এক নারী অভিযোগ করে জানান, তিনি ঘটনাটি সম্পর্কে বরুড়া থানাকেও অবহিত করেছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মানসিক ভারসাম্যহীন ওই নারী ঘরের জানালা দিয়ে একই বাড়ির এক নারীর দিকে পানি ছুড়ে মারেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে মোস্তফা ও জাহাঙ্গীরের স্ত্রীরা তাকে ঘর থেকে বের করে আনেন। পরে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের প্রশ্ন—একজন মানসিক ভারসাম্যহীন নারী যদি অসংলগ্ন আচরণ করেও থাকেন, তাকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখা কতটা মানবিক?
স্থানীয় বাসিন্দারা জানান, ওই নারীর আচরণে সমস্যা থাকলে তাকে চিকিৎসা বা পরিবারের তত্ত্বাবধানে রাখার উদ্যোগ নেওয়া যেত। কিন্তু গাছের সঙ্গে বেঁধে রাখার মতো আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে সত্যতা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে, ঘটনার বিষয়ে অভিযুক্ত মোস্তফা ও জাহাঙ্গীরের স্ত্রীদের তাৎক্ষণিকভাবে কোন বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে ওই নারীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
বরুড়া থানার ওসি নাজমুল হক বলেন, বিষয়টি জানার সাথে সাথেই আমি পুলিশ ফোর্স পাঠিয়েছি ভিকটিমকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, বিষয় আরো ভালো হয়েছে নির্যাতনের শিকার প্রতিবন্ধীর পরিবার যদি আমাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তাহলে তাদের বিরুদ্ধে আমি গত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজডেস্ক….









