
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
কুমিল্লা প্রতিনিধি।।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় নগরীর নানুয়ার দিঘির পাড়ে নিজ কার্যালয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নূরে আলম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।
সভায় বক্তব্যে মনিরুল হক সাক্কু বলেন, কুমিল্লার উন্নয়নে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকা উচিত নয়। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কুমিল্লাকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে প্রয়োজন হলে তিনি কৃষি ও মৎস্য এবং প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিনের কাছে যাবেন। পাশাপাশি জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যের সঙ্গেও কথা বলবেন বলে জানান তিনি।
তিনি বলেন, কুমিল্লার স্বার্থে দল-মতনির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নগরীর উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিপি বাবুল, জাফর ইকবাল ভূঁইয়া, জেলা যুবদল নেতা আনিসুর রহমান হেলাল, কবির হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. মফিজ উদ্দিন মোল্লা।
নিউজডেস্ক/কুমিল্লা









