২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
HomeFirst leadমধ্যরাতে মোটরসাইকেলে ‘নিথর’ তরুণী, সামাজিক মাধ্যমে ছড়াল উদ্বেগ

মধ্যরাতে মোটরসাইকেলে ‘নিথর’ তরুণী, সামাজিক মাধ্যমে ছড়াল উদ্বেগ

অনলাইনডেস্ক।।

ঢাকার আব্দুল্লাহপুর থেকে টঙ্গী পর্যন্ত মধ্যরাতে মোটরসাইকেলে এক তরুণীকে অস্বাভাবিক অবস্থায় বহনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটি ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও উদ্বেগ। প্রত্যক্ষদর্শীর দাবি, তরুণীটি অচেতন কিংবা নিথর অবস্থায় ছিলেন। তবে তার প্রকৃত শারীরিক অবস্থা বা ঘটনাটির পেছনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে ৩টা ২০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন মুফতি মনোয়ার হোসেন। ওমরাহ সফর শেষে বগুড়ায় ফেরার পথে উত্তরার আব্দুল্লাহপুর থেকে টঙ্গীর দিকে যাওয়ার সময় তিনি ঘটনাটি দেখতে পান। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মোটরসাইকেলটির কয়েকটি ছবি প্রকাশ করেন।

মনোয়ার হোসেনের বর্ণনা অনুযায়ী, মোটরসাইকেলে ছিলেন তিনজন। সামনে একজন যুবক মোটরসাইকেল চালাচ্ছিলেন। তার পেছনে বসা আরেক যুবক মাঝখানে থাকা তরুণীকে শক্ত করে ধরে রেখেছিলেন। তরুণীর পা দুটি খালি অবস্থায় নিচের দিকে ঝুলছিল এবং তাকে অত্যন্ত নিস্তেজ মনে হচ্ছিল বলে দাবি করেন তিনি।

পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগের চেষ্টা করেন বলেও জানান। তবে তার দাবি, তখন সংযোগ পাওয়া যায়নি। পরে মোটরসাইকেলটি টঙ্গী পর্যন্ত অনুসরণ করেন এবং নম্বর প্লেটের ছবি তুলে রাখেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে মোটরসাইকেলটির নম্বর ঢাকা মেট্রো-ল ৫১-৫৩২৪ দেখা যায়। প্রত্যক্ষদর্শীর দাবি, কোনো অপরাধের ঘটনা ঘটে থাকলে এই নম্বরের সূত্র ধরে মোটরসাইকেলটিতে থাকা ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হতে পারে।

এদিকে পোস্টটি ছড়িয়ে পড়ার পর ‘জারা চৌধুরী রাত্রি’ নামের একটি ফেসবুক আইডি থেকে দাবি করা হয়, তরুণীটি উত্তরার একটি বারে মদ্যপানের পর অসুস্থ হয়ে পড়েছিলেন। ওই ব্যক্তি দাবি করেন, তিনি ঘটনাস্থলে ছিলেন এবং তরুণীকে হুইলচেয়ারে করে বার থেকে বের করে আনতেও দেখেছেন।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে তরুণীর পরিচয়, শারীরিক অবস্থা কিংবা তাকে কেন ওইভাবে মোটরসাইকেলে করে নেওয়া হচ্ছিল—এসব প্রশ্নের কোনো নিশ্চিত উত্তর এখনো পাওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য ও জল্পনা ছড়িয়ে পড়লেও অনুমান বা সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা ও তরুণীর পরিচয় নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মোটরসাইকেলটির নম্বর ও প্রকাশিত ছবির সূত্র ধরে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে।

নিউজডেস্ক,,,,