২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মহাজনবাড়ী খাল পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে কুসিক প্রশাসক

নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযানে নিজেই অংশ নিচ্ছি: কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা মহানগরের ৩ নম্বর ওয়ার্ডের শাসনগাছা এলাকার মহাজনবাড়ী খালে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। শনিবার (১৪ নভেম্বর) সকালে আয়োজিত এ কর্মসূচিতে সরাসরি অংশ নেন সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।


অভিযান চলাকালে খালের বর্জ্য অপসারণ, পানি প্রবাহ স্বাভাবিক রাখা, মশার প্রজননস্থল ধ্বংস এবং নগরীর জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের চলমান কার্যক্রম তুলে ধরেন তিনি।

এ সময় ইউসুফ মোল্লা টিপু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তিন মাসব্যাপী ক্লিনিং ডে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতি শনিবার আমি নিজে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিচ্ছি। নগরীর বড় বড় জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি।


তিনি বলেন, মহাজনবাড়ীর এই খালটি অনেক পুরোনো এবং গুরুত্বপূর্ণ। জেলখানা এলাকা থেকে শুরু করে নগরীর বিভিন্ন এলাকার পানি শাসনগাছার এই খাল দিয়ে প্রবাহিত হয়। তাই খালটির পানি প্রবাহ সচল রাখা অত্যন্ত জরুরি।

নাগরিক সচেতনতার গুরুত্ব তুলে ধরে কুসিক প্রশাসক আরও বলেন, সম্প্রতি একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানে গিয়ে শিক্ষকদের কাছ থেকে জানতে পেরেছি, ‘আশার শহর’ অ্যাপে অভিযোগ জানানোর পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষ যেমন সন্তুষ্ট, তেমনি নগরবাসীকে সেবা দিতে পেরে আমরাও আনন্দিত।

তিনি বলেন, নগরবাসী এখন নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে শুরু করেছেন। গণমাধ্যমের মাধ্যমে নগরবাসীকে ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি সবাইকে নিজ নিজ জায়গা থেকে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় কুমিল্লাকে একটি গ্রিন সিটি ও ক্লিন সিটি হিসেবে গড়ে তোলা সম্ভব।

অভিযানে উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, কুমিল্লা মহানগর যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক, মহানগর বিএনপির শ্রমবিষয়ক সম্পাদকসহ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় নগরীর খালগুলো দখল ও দূষণমুক্ত রাখা, নিয়মিত বর্জ্য অপসারণ এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নগর পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সম্মিলিত দায়িত্ববোধ ও সহযোগিতা কামনা করা হয়।

নিউজডেস্ক//আম্মান