
স্থপতি ইকবাল হাবিবকে সঙ্গে নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন, গুরুত্ব পাচ্ছে সবুজায়ন, পরিচ্ছন্নতা ও টেকসই উন্নয়ন
ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আধুনিক, পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী গড়ে তোলার স্বপ্ন নিয়ে কুমিল্লার উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনার উদ্যোগ নিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন। অপরিকল্পিত নগরায়ণের চ্যালেঞ্জ কাটিয়ে সমন্বিত মাস্টারপ্ল্যানের মাধ্যমে নগরীকে নতুনভাবে সাজানোর লক্ষ্য নিয়ে শুরু হয়েছে পরিকল্পনা প্রণয়নের কার্যক্রম।


এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশের প্রখ্যাত স্থপতি ও নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিবকে সঙ্গে নিয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।


পরিদর্শনকালে নগরীর বর্তমান অবকাঠামো, পরিবেশগত সমস্যা, জলাবদ্ধতা, নাগরিক সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ উন্নয়নের সম্ভাব্য দিকগুলো নিয়ে পর্যবেক্ষণ ও আলোচনা করা হয়। পাশাপাশি নগরীর সবুজায়ন, পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিকবান্ধব অবকাঠামো গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।


সিটি কর্পোরেশন প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর পরিকল্পনা, কুমিল্লাকে শুধু অবকাঠামোগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ না রেখে একটি পরিকল্পিত, পরিবেশবান্ধব ও নান্দনিক নগরীতে রূপান্তর করা। যেখানে থাকবে পর্যাপ্ত সবুজায়ন, উন্নত নাগরিক সুবিধা, পরিচ্ছন্ন পরিবেশ এবং নিরাপদে বসবাসের উপযোগী নগর ব্যবস্থাপনা।


তবে নগরবাসীর প্রত্যাশা, পরিকল্পনা যেন কেবল পরিদর্শন ও আলোচনার মধ্যেই সীমাবদ্ধ না থাকে; বরং বাস্তবায়নের মাধ্যমে কুমিল্লা ফিরে পাক একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীর পরিচয়।
নিউজডেস্ক//আম্মান









