
নীতিমালায় অভিজ্ঞ ব্যবসায়ীদের অগ্রাধিকারের কথা থাকলেও তালিকা নিয়ে প্রশ্ন | বঞ্চিত হওয়ার অভিযোগ দীর্ঘদিনের সার ব্যবসায়ীদের
আয়েশা আক্তার।।
লক্ষ্মীপুরে নতুন করে সার ডিলার হিসেবে মনোনীত ৫৭ জনের মধ্যে ৪৫ জনই বিএনপি ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত। মনোনীতদের কয়েকজনের আগে সার ব্যবসার অভিজ্ঞতা না থাকলেও দীর্ঘদিন ধরে এ ব্যবসার সঙ্গে জড়িত কয়েকজন আবেদনকারী ডিলারশিপ না পাওয়ার অভিযোগ করেছেন। এ নিয়ে সার ডিলার নিয়োগের স্বচ্ছতা, যোগ্যতা যাচাই ও নীতিমালা অনুসরণের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার ৫৮টি ইউনিয়ন ও চারটি পৌরসভার জন্য সার ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১০ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন পর্যন্ত মোট ৩৩৬টি আবেদন জমা পড়ে। পরে গত ৭ অক্টোবর কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং শাখা ৫৭ জনকে ডিলার হিসেবে মনোনীত করে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেয়।
চূড়ান্ত তালিকা বিশ্লেষণে দেখা যায়, মনোনীত ব্যক্তিদের মধ্যে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের ৪৫ জন নেতা-কর্মী রয়েছেন। তাঁদের কয়েকজনের সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতাদের পারিবারিক সম্পর্কও রয়েছে। তবে বাদ পড়া আবেদনকারীদের মধ্যেও বিএনপি ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি রয়েছেন।
সার ডিলার নিয়োগের নীতিমালায় সংশ্লিষ্ট ইউনিয়ন বা পৌরসভায় নিজস্ব অথবা ভাড়া করা কমপক্ষে ২৫ মেট্রিক টন ধারণক্ষমতার গুদাম, পাকা মেঝে, আর্থিক সচ্ছলতা এবং ব্যাংকের অন্তত পাঁচ লাখ টাকার সাম্প্রতিক সচ্ছলতার সনদ থাকার শর্ত রয়েছে। পাশাপাশি আগে থেকে সার ব্যবসার সঙ্গে যুক্ত আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।
তবে চূড়ান্ত তালিকায় মনোনীত কয়েকজনের পূর্ববর্তী ব্যবসায়িক অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দা ও বাদ পড়া আবেদনকারীদের কেউ কেউ।
রাজনৈতিক পরিচয় ও ব্যবসায়িক অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন
রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নে সার ডিলার হিসেবে মনোনীত হয়েছেন স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল আজিজ বাদশা। তাঁর প্রতিষ্ঠান মেসার্স গাজী এন্টারপ্রাইজ আগে সার ব্যবসার সঙ্গে যুক্ত ছিল না বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
একইভাবে রামগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ওরফে পলাশের প্রতিষ্ঠান মেসার্স ফাল্গুনী এন্টারপ্রাইজও ডিলার হিসেবে মনোনীত হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, প্রতিষ্ঠানটিরও আগে সার ব্যবসার অভিজ্ঞতা ছিল না।
রায়পুরের কেরোয়া ইউনিয়নে ডিলার হয়েছেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান আইনান। বামনী ইউনিয়নে মনোনীত হয়েছেন ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আমির হোসেন ওরফে ছুটু। উত্তর চর আবাবিল ইউনিয়নে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ মিয়া এবং চরমোহনা ইউনিয়নে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফাহিম ভূঁইয়া ডিলার হিসেবে মনোনীত হয়েছেন। তাঁদের কয়েকজনের পূর্ববর্তী সার ব্যবসার অভিজ্ঞতা ছিল না বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নে ডিলার হয়েছেন ইউনিয়ন যুবদলের সভাপতি জাকির হোসেন। তাঁর প্রতিষ্ঠান মেসার্স সততা ট্রেডার্স রড, সিমেন্ট ও নারকেলের ব্যবসার সঙ্গে যুক্ত।
রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. বিল্লাল পাটোয়ারী এবং করপাড়া ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিবের প্রতিষ্ঠান এস বি ট্রেডার্স ডিলার হিসেবে মনোনীত হয়েছে। ভোলাকোট ইউনিয়নে ডিলার হয়েছেন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফেজ আহম্মদ।
কমলনগর উপজেলার সাহেবেরহাট ইউনিয়নে মনোনীত হয়েছেন ইয়ামিন ট্রেডার্সের মো. ইসমাইল। তিনি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হেলাল উদ্দিনের ভাই বলে জানা গেছে। চর মার্টিন ইউনিয়নে ডিলার হয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. গিয়াস উদ্দিন। চর ফলকন ইউনিয়নের মনোনীত মাহবুবুর রহমান উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরীর আত্মীয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাঁর চাচাতো ভাই লোকমান হোসেন পাটারীর প্রতিষ্ঠানও পাটারীরহাট ইউনিয়নে ডিলার হিসেবে মনোনীত হয়েছে।
দীর্ঘদিন সার ব্যবসা করেও ডিলারশিপ পাননি অনেকে
চন্দ্রগঞ্জ বাজারে ২০০২ সাল থেকে সার বিক্রি করছেন মো. শোভন। এবার ডিলারশিপের জন্য আবেদন করলেও চূড়ান্ত তালিকায় তাঁর নাম আসেনি।
শোভনের অভিযোগ, দীর্ঘদিন ধরে সার ব্যবসার সঙ্গে যুক্ত থাকা এবং নিয়ম মেনে আবেদন করার পরও তিনি ডিলারশিপ পাননি।
চর কাদিরা ইউনিয়নের বাসিন্দা শাহেদ হাওলাদারও দীর্ঘদিন ধরে সার ব্যবসা করছেন। আবেদন করেও মনোনীত না হওয়ায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, নীতিমালায় আগে থেকে সার ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও তাঁকে বিবেচনা করা হয়নি। অথচ আগে সার ব্যবসা করেননি, এমন একজনকে ডিলার করা হয়েছে বলে তাঁর অভিযোগ।
কমলনগরের চর মার্টিন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সদস্য তারেক রহমান ওরফে রকিও এবার ডিলারশিপের জন্য আবেদন করেছিলেন। তাঁর দাবি, তাঁদের পরিবার প্রায় ৫০ বছর ধরে সার ও কীটনাশকের ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁদের প্রতিষ্ঠান আগে সার ডিলার হিসেবেও দায়িত্ব পালন করেছে। তারপরও এবার তিনি মনোনীত হননি।
তারেক রহমানের অভিযোগ, মনোনীত ব্যক্তিদের কয়েকজনের পর্যাপ্ত গুদাম ও সার বিক্রির অভিজ্ঞতা নেই। এতে দীর্ঘদিনের ব্যবসায়ীরা বঞ্চিত হয়েছেন। তিনি উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরীর বিরুদ্ধে অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের বাণিজ্য করার অভিযোগও করেন।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন নুরুল হুদা চৌধুরী। তাঁর দাবি, সার ডিলার নিয়োগে দলীয়ভাবে কোনো হস্তক্ষেপ করা হয়নি; সবাই নিজ নিজ যোগ্যতায় মনোনীত হয়েছেন। পাটারীরহাটের লোকমান হোসেন তাঁর দূরসম্পর্কের চাচাতো ভাই হলেও চর ফলকনের মাহবুবুর রহমান তাঁর ভাগনে নন বলে দাবি করেন তিনি।
নুরুল হুদা চৌধুরী আরও বলেন, তাঁরাও প্রত্যাশা করেছিলেন, নীতিমালা অনুযায়ী আগে থেকে সার ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন।
মনোনীতদের বক্তব্য কী
দক্ষিণ চরবংশী ইউনিয়নের মনোনীত ডিলার আমিনুল আজিজ বাদশা রাজনৈতিক বিবেচনায় ডিলার হওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরই তিনি মনোনীত হয়েছেন।
রামগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ওরফে পলাশ বলেন, তাঁর এলাকায় সারের চাহিদা কম হলেও তিনি ডিলারশিপ নিয়েছেন। এ ক্ষেত্রে রাজনৈতিক তদবির ছিল না বলে দাবি করেন তিনি।
বামনী ইউনিয়নের আমির হোসেন ওরফে ছুটু জানান, আগে বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও এবার নতুনভাবে সার ব্যবসায় প্রবেশ করছেন।
কমলনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. গিয়াস উদ্দিন বলেন, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে তাঁকে মনোনীত করেছে। তবে তিনি আগে সার ব্যবসা করেননি বলে জানান।
অন্যদিকে, সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবালের দাবি, তাঁর ইউনিয়নে অন্য কেউ আবেদন না করায় তাঁকে ডিলার হিসেবে মনোনীত করা হয়েছে।
প্রশাসন ও কৃষি বিভাগের বক্তব্য
সার ডিলার নিয়োগ নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে জানতে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ না করে বার্তা পাঠাতে বলেন। পরে বার্তা পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি।
লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ও জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যসচিব জহির আহমেদ বলেন, তালিকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সংখ্যা বেশি—এমন তথ্য তিনিও জেনেছেন।
তিনি জানান, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি আবেদন যাচাই-বাছাই করে সুপারিশসহ তালিকা পাঠিয়েছিল। পরে তা কৃষি মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয় থেকেই চূড়ান্ত তালিকা পাঠানো হয়েছে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হাছিবুর রহমান বলেন, গত ১৭ বছর দলের নেতা-কর্মীরা সার ডিলারশিপসহ বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। এখন তাঁরা ব্যবসা-বাণিজ্যে মনোযোগী হওয়ায় ডিলার হওয়ার জন্য আবেদন করেছেন। তাঁর দাবি, সবাই নিয়ম মেনে আবেদন করেছেন এবং মনোনয়নের ক্ষেত্রে দলের কোনো প্রভাব ছিল না।
সব মিলিয়ে লক্ষ্মীপুরে সার ডিলার নিয়োগের তালিকা নিয়ে রাজনৈতিক সংশ্লিষ্টতা, ব্যবসায়িক অভিজ্ঞতা ও নীতিমালা অনুসরণের প্রশ্ন উঠেছে। অভিযোগগুলোর নিরপেক্ষ যাচাই এবং আবেদনকারীদের যোগ্যতা ও গুদাম-সংক্রান্ত শর্ত পূরণের তথ্য প্রকাশ করা হলে নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে ওঠা প্রশ্নের জবাব পাওয়া যেতে পারে।
নিউজডেস্ক,,,,









