২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সার ডিলার নিয়োগে দুর্নীতি-স্বজনপ্রীতির অভিযোগ, তদন্ত চায় জামায়াত

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

নীতিমালা ও আদালতের আদেশ উপেক্ষা করে দলীয় বিবেচনায় নিয়োগের দাবি মিয়া গোলাম পরওয়ারের

দেশে সারসংকটের পেছনে ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাবকে দায়ী করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, বিদ্যমান নীতিমালা ও আদালতের আদেশ উপেক্ষা করে রাজনৈতিক বিবেচনায় ডিলার নিয়োগ দেওয়ায় সার বিতরণব্যবস্থায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এ পরিস্থিতির অবসানে ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সারসংকট ও ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় তিনি সার ডিলার নিয়োগ ও বিতরণব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে ছয় দফা দাবি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, ডিলার নিয়োগে চরম দলীয়করণ করা হয়েছে। বিএনপির নেতারা অর্থের বিনিময়ে ডিলারশিপ পেয়েছেন বলে অভিযোগ তুলে তিনি বলেন, নির্ধারিত যোগ্যতা ও সরকারি নীতিমালা অনুসরণ না করায় প্রকৃত যোগ্য ব্যক্তিদের নিয়োগের সুযোগ সংকুচিত হয়েছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে কৃষি খাতে এবং ভোগান্তিতে পড়ছেন কৃষকেরা।

তিনি বলেন, সারসংকটের পেছনে সরকারের অব্যবস্থাপনা, ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও দুর্নীতি, কালোবাজারে সার বিক্রি এবং চোরাচালানের মতো বিষয় রয়েছে। বিভিন্ন এলাকায় দলীয় প্যাডে ডিলার নিয়োগের তালিকা তৈরির অভিযোগও পাওয়া গেছে। দিনাজপুর ও রংপুরের বদরগঞ্জসহ বিভিন্ন স্থানে অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের অভিযোগ উঠেছে বলে দাবি করেন তিনি।

জামায়াতের এই নেতা আরও বলেন, ‘দ্য ডিসেন্ট’-এর অনুসন্ধানে বিএনপির ১৪ জন সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় সারসংকট ও কৃষকদের ভোগান্তির বিষয় উঠে এসেছে বলে তিনি উল্লেখ করেন। তাঁর অভিযোগ, কোনো কোনো ক্ষেত্রে এক এলাকার বাসিন্দাকে অন্য এলাকায় ডিলারশিপ দেওয়া হয়েছে। আগে সারের ব্যবসা না করা ব্যক্তি, একই পরিবারের একাধিক সদস্য এবং ভুয়া গুদাম ও চুক্তিনামার মাধ্যমে ডিলারশিপ নেওয়ার অভিযোগও রয়েছে।

রংপুরের পীরগাছা উপজেলায় বিএনপির প্যাডে দেওয়া ডিলার নিয়োগের তালিকায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের নাম থাকার কথাও উল্লেখ করেন মিয়া গোলাম পরওয়ার। তাঁর দাবি, এসব নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক চাপ ও প্রভাব কাজ করেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য সংবাদ সম্মেলনের তথ্যে পাওয়া যায়নি।

ডিলার নিয়োগে রাজনৈতিক প্রভাবের সমালোচনা করে তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব কৃষিমন্ত্রীর হলেও এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্য সামনে এসেছে। তাঁর অভিযোগ, বিএনপির ত্যাগী নেতাদের ডিলারশিপ দেওয়ার ঘোষণার মধ্য দিয়ে দলীয় বিবেচনাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। হাইকোর্টের আদেশ উপেক্ষা করেও ডিলারশিপ দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

সার ডিলার নিয়োগ ও বিতরণব্যবস্থায় স্বচ্ছতা ফেরাতে ছয় দফা দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। দাবিগুলোর মধ্যে রয়েছে—ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের অভিযোগ দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া; ডিলার নিয়োগের যোগ্যতা মূল্যায়নের মানদণ্ড, তালিকা তৈরির প্রক্রিয়া ও লাইসেন্স প্রদানের ভিত্তি জনসমক্ষে প্রকাশ করা।

এ ছাড়া ডিলারশিপ দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, সারসংকট নিয়ে দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্যের সঙ্গে মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি যাচাই করে তথ্য প্রকাশ এবং নিয়োগের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের লিখিত ব্যাখ্যা ও তদন্তের অগ্রগতি জনসমক্ষে জানানোর দাবি জানানো হয়েছে। কোনো ব্যক্তি বা রাজনৈতিক গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ উঠলে তা প্রমাণের ভিত্তিতে যাচাই করারও আহ্বান জানিয়েছে দলটি।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সারসংকট নিয়ে সরকার জাতিকে অসত্য তথ্য দিয়েছে। গত ছয় থেকে সাত মাসে সরকারের বিভিন্ন স্তরে দলীয়করণ, দুর্নীতি ও মন্ত্রীদের বক্তব্য নিয়ে জামায়াত উদ্বিগ্ন। নিজেদের ব্যর্থতা আড়াল করতে এক পক্ষের দায় অন্য পক্ষের ওপর চাপানোর চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে সারসংকটের পাশাপাশি সংবিধান সংস্কার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তাঁর অভিযোগ, বিরোধী দলকে বাদ দিয়ে নিজেদের সুবিধামতো সংবিধান সংশোধনের মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতায় থাকার লক্ষ্য নিয়ে সরকার কর্তৃত্ববাদী কাঠামো তৈরি করছে।

তিনি বলেন, জামায়াত গণভোটের রায় বাস্তবায়ন এবং অনুমোদিত আইনি কাঠামো অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে সংস্কারের পক্ষে। কিন্তু সরকার বিরোধী দলকে এ প্রক্রিয়া থেকে বাইরে রাখছে বলে অভিযোগ করেন তিনি। এ উদ্যোগের নিন্দা জানিয়ে বিতর্ক রাজপথে না ঠেলে সংসদে সমাধানের আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।

তিনি আশা প্রকাশ করেন, আগামী সংসদ অধিবেশনে সরকার বিরোধী দলকে সঙ্গে নিয়ে গণভোটে নির্ধারিত আইনি প্রক্রিয়ায় সংবিধান সংস্কারের বিষয়ে এগিয়ে যাবে।

অনলাইন ডেস্ক//

দেশে সার, তেল, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানিসংকটের কারণে উৎপাদন ব্যয় বাড়ছে এবং এর প্রভাব দ্রব্যমূল্যের ওপর পড়ছে উল্লেখ করে নগরবাসী ও প্রান্তিক কৃষকদের দুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের এই নেতা।