
হজবিষয়ক বিধিনিষেধ লঙ্ঘন করলে এবার সর্বোচ্চ ৩২ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে বলে ঘোষণা দিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
শুক্রবার (২৪ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ভিজিট ভিসাধারী ব্যক্তিদের হজের নিয়ম ভঙ্গ করে আশ্রয় দিলে এই জরিমানা আরোপ করা হবে। হোটেল, অ্যাপার্টমেন্ট, ব্যক্তিগত বাসা কিংবা অন্য যেকোনো স্থানে এমন ব্যক্তিদের রাখা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, শুধু আশ্রয় দেওয়াই নয়—অবৈধভাবে মক্কা বা পবিত্র স্থানগুলোতে অবস্থান করতে সহায়তা করা, লুকিয়ে রাখা কিংবা যেকোনো ধরনের সহযোগিতাও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।
পুরো হজ মৌসুমজুড়েই এ বিধিনিষেধ কার্যকর থাকবে। কোনো অপরাধে একাধিক ব্যক্তি জড়িত থাকলে জরিমানার পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে বলেও জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাইকে হজবিষয়ক নিয়ম মেনে চলার এবং হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া, সৌদি আরবের বিভিন্ন অঞ্চলের জন্য নির্ধারিত জরুরি নম্বর চালু করেছে কর্তৃপক্ষ। যেকোনো ধরনের বিধি লঙ্ঘনের ঘটনা ঘটলে এসব নম্বরে যোগাযোগ করে তথ্য দেওয়ার জন্য নাগরিকদের আহ্বান জানানো হয়েছে।









