১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
HomeFirst leadকিশোর অপরাধবিরোধী বিশেষ অভিযানে চট্টগ্রাম-লক্ষ্মীপুর-চাঁদপুরে আটক শত শত

কিশোর অপরাধবিরোধী বিশেষ অভিযানে চট্টগ্রাম-লক্ষ্মীপুর-চাঁদপুরে আটক শত শত

কিশোর অপরাধবিরোধী বিশেষ অভিযানে চট্টগ্রাম-লক্ষ্মীপুর-চাঁদপুরে আটক শত শত

অনলাইন ডেস্ক।।

কিশোর অপরাধ প্রতিরোধ এবং কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পরিচালিত এসব অভিযানে চট্টগ্রামে ৩৫৪ জন, লক্ষ্মীপুরে ২৪৪ জন এবং চাঁদপুরে ৩৭০ জনকে থানায় নেওয়া বা আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে অনেককে অভিভাবকের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযানে ৩৫৪ কিশোরকে থানায় নেওয়া হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৭টি থানার বিভিন্ন পাড়া-মহল্লা, বাজার, রেলস্টেশন, মাঠ, পরিত্যক্ত ও নির্জন স্থানসহ কিশোরদের আড্ডার সম্ভাব্য জায়গায় অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন স্থানে আড্ডারত ও সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত ৪৪৫ কিশোরকে শনাক্ত করা হয়। এর মধ্যে ৩৫৪ জনকে থানায় নেওয়া হয়।

পরে যাচাই-বাছাই শেষে অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় ২৯৩ কিশোরকে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। অপরদিকে, অপরাধে সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ায় ১৫২ জনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

লক্ষ্মীপুর জেলা পুলিশের প্রায় পাঁচ ঘণ্টার বিশেষ অভিযানে ২৪৪ কিশোরকে আটক করা হয়েছে। তাদের বয়স ১৪ থেকে ১৮ বছরের মধ্যে। জেলার সদর, চন্দ্রগঞ্জ, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর থানার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

এর মধ্যে লক্ষ্মীপুর সদর থানায় ৪২ জন, চন্দ্রগঞ্জে ২১, রায়পুরে ৪৪, রামগঞ্জে ৩৭, রামগতিতে ৪৪ এবং কমলনগরে ৫৬ জন রয়েছে।

আটক কিশোরদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

মানবাধিকারকর্মী অ্যাডভোকেট নিজাম উদ্দিন মাহমুদ ও শিক্ষক শামছুদ্দিন বাবুল বলেন, শুধু শহর এলাকায় অভিযান চালালে হবে না; গ্রামাঞ্চলেও এ ধরনের অভিযান অব্যাহত রাখতে হবে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যেই নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক কিশোরদের তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদপুরের আট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩৭০ জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের মধ্যে ৩৫৫ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৫ জনের বিষয়ে তথ্য যাচাই-বাছাই চলছে।

জেলার আট থানা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথকভাবে এ অভিযান পরিচালনা করে। রাতে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাদিরা নুর।

পুলিশ জানায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশনায় এবং চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নেতৃত্বে আট থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়।

অভিযানে চাঁদপুর সদরে ৩৫ জন, হাইমচরে ৪৮, ফরিদগঞ্জে ৪১, হাজীগঞ্জে ৩৭, কচুয়ায় ৬২, শাহরাস্তিতে ৪৫, মতলব উত্তরে ৫২ এবং মতলব দক্ষিণে ৩৬ জনকে আটক করা হয়। এছাড়া ডিবি পুলিশ বিভিন্ন স্থান থেকে আরও ১৪ জনকে আটক করে।

পরে আটক ব্যক্তিদের মধ্যে ৩৫৫ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ১৫ জনের বিষয়ে তথ্য যাচাই-বাছাই চলছে।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, কিশোর গ্যাং ও অপরাধপ্রবণতা প্রতিরোধে জেলা পুলিশের এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।

মতলব উত্তর

চাঁদপুরের মতলব উত্তরে বিশেষ অভিযানে ৫৩ জনকে আটক করেছে পুলিশ। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও চাঁদপুরের পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবির হাসনাইন সানিবের নির্দেশে মতলব উত্তর থানার ওসি কামরুল হাসানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

মতলব উত্তর থানার ওসি কামরুল হাসান জানান, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই চলছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যাবে না, তাদের অভিভাবকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হবে। আর অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবির হাসনাইন সানিব বলেন, কিশোরদের পড়ালেখায় ফিরিয়ে আনা, মাদক থেকে দূরে রাখা এবং অপরাধমুক্ত রাখাই এ অভিযানের মূল লক্ষ্য। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।