
কুমিল্লায় বিভাগীয় পাসপোর্ট কার্যালয় স্থাপন ও দুটি সাব-অফিসের প্রস্তাব, দালালমুক্ত করতে পুলিশ মোতায়েনের উদ্যোগ
পাসপোর্ট অফিস, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যালয়, জন্মনিবন্ধন থেকে শুরু করে বিমানবন্দর—সেবা নিতে গিয়ে প্রতিটি পর্যায়েই হয়রানির শিকার হচ্ছেন প্রবাসীরা। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা রেমিট্যান্স যোদ্ধাদের এমন ভোগান্তি কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শনকালে সেবা নিতে আসা প্রবাসীদের দুর্ভোগ দেখে ক্ষোভ প্রকাশ করে তিনি এসব কথা বলেন।
মনিরুল হক চৌধুরী বলেন, যাঁদের পাঠানো রেমিট্যান্সে দেশের অর্থনীতি সচল থাকে, তাঁদেরই সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে এক অফিস থেকে অন্য অফিসে ঘুরতে হচ্ছে। পাসপোর্ট নবায়ন ও সংশোধন করতে গিয়ে প্রবাসীদের ভোগান্তি ও অপমানের শিকার হতে হচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক। সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় থাকলে একজন প্রবাসীকে এভাবে হয়রানির শিকার হতে হতো না।
তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রবাসীদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে। বিমানবন্দরে হয়রানি আগের তুলনায় কমেছে। পর্যায়ক্রমে সব ধরনের হয়রানি শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সংসদ সদস্য জানান, পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. নুরুল হাফিজের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। আগামী রোববার থেকে প্রবাসীদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
কুমিল্লার বিশাল জনগোষ্ঠীর পাসপোর্টসেবা সহজ করতে জেলার উত্তর ও দক্ষিণাঞ্চলে অন্তত দুটি সাব-অফিস স্থাপনের প্রস্তাব দিয়েছেন মনিরুল হক চৌধুরী। পাশাপাশি কুমিল্লায় একটি বিভাগীয় পাসপোর্ট কার্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি। এ জন্য উপযুক্ত স্থান নির্ধারণ করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
পাসপোর্ট অফিসকে দালালমুক্ত ও সেবার পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েনের বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা হয়েছে এবং তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান সংসদ সদস্য।
পরিদর্শন শেষে তিনি কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সম্মেলনকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রবাসীদের হয়রানি বন্ধ, সেবার মানোন্নয়ন এবং কুমিল্লায় পাসপোর্টসেবা সম্প্রসারণে তাঁর এই উদ্যোগ সংশ্লিষ্টদের মধ্যে আশার সঞ্চার করেছে।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো : সজিব তালুকদারসহ অন্যান্যরা।
নিউজডেস্ক//আম্মান









