২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

চম্পকনগরে চেয়ারম্যান প্রার্থী হাজী মনজুকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা, উন্নয়ন ও পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ জনতা

শিক্ষা, চিকিৎসা, মাদক নির্মূল ও অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার দাবি স্থানীয়দের

নিজস্ব প্রতিবেদন।।

কুমিল্লার ৩ নম্বর দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চম্পকনগর (সাতরা) এলাকায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মনজুর উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে নির্বাচনী আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় চম্পকনগর সাতরা গাউছে পাক জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে স্থানীয় মুরব্বি, গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি ও যুবসমাজের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়।
সভায় এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি, কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক আব্দু জব্বার, মো. জামিল আহমেদ, মো. জাহাঙ্গীর, মো. সাদেক হোসেন, মো. মফিজ, মো. তাহের ও আবদুল হক। এছাড়া যুবসমাজের পক্ষ থেকে বক্তব্য দেন আমজাদ হোসেন।
মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এর মধ্যে শিক্ষা ও চিকিৎসাসেবার মানোন্নয়ন, মাদক নির্মূল, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ রাস্তাঘাট ও নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি জানানো হয়।
বক্তারা বলেন, এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে একজন জনবান্ধব, দায়িত্বশীল ও কর্মঠ নেতৃত্ব প্রয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বকারী নেতৃত্ব এলাকার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
সভায় উপস্থিত স্থানীয় মুরব্বি, সচেতন নাগরিক ও যুবসমাজের প্রতিনিধিরা দল-মত নির্বিশেষে এলাকার উন্নয়নের স্বার্থে হাজী মনজুর প্রতি সমর্থন ও একাত্মতা প্রকাশ করেন। পাশাপাশি এলাকার মানুষের প্রত্যাশা পূরণে তাঁকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন।

নিউজডেস্ক//আম্মান