
কুমিল্লায় সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে সার্বিক অপরাধের মামলা কমেছে। তবে চুরি ও মাদকসংক্রান্ত মামলা কমলেও বেড়েছে নারী ও শিশু নির্যাতন এবং অস্ত্র আইনে মামলা।
কুমিল্লা প্রতিনিধি
জেলা পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বরে জেলায় বিভিন্ন অপরাধে ৬৫১টি মামলা হয়েছিল। অক্টোবর মাসে তা কমে দাঁড়িয়েছে ৬১৪টিতে। অর্থাৎ এক মাসে মামলা কমেছে ৩৭টি।
রোববার (৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব তথ্য তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রোজি আক্তার।
পরিসংখ্যানে দেখা যায়, চুরির মামলা সেপ্টেম্বরে ৮৮টি থাকলেও অক্টোবরে কমে হয়েছে ৩৫টি। খুনের মামলা ১৬টি থেকে কমে ১৩টি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ৩০৫টি থেকে কমে ২৭৮টিতে দাঁড়িয়েছে।
অন্যদিকে নারী ও শিশু নির্যাতনের মামলা ৩৪টি থেকে বেড়ে ৪৩টি হয়েছে। অস্ত্র আইনে মামলাও ৪টি থেকে বেড়ে ৫টিতে দাঁড়িয়েছে। এছাড়া অক্টোবরে একটি অপহরণের মামলা হয়েছে, যা সেপ্টেম্বরে ছিল না।
সভায় জেলা প্রশাসক রোজি আক্তার বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত কুমিল্লা গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, শিশু-কিশোরদের নিরাপত্তায় অভিভাবকদের সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করা, গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন এবং শীত মৌসুমে মহাসড়কে ডাকাতি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
সভায় কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, জেলা সিভিল সার্জন ডা. মো. জহিরুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা, পিপি কাইয়ুমুল হক রিংকুসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।
নিউজডেস্ক//আম্মান









