১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
Homeবিনোদন‘মিথ্যা গল্প প্রকাশ করবেন না’— বিবাহবিচ্ছেদ ইস্যুতে মৌনির অনুরোধ

‘মিথ্যা গল্প প্রকাশ করবেন না’— বিবাহবিচ্ছেদ ইস্যুতে মৌনির অনুরোধ

Comilla-Crime-News-3

মুম্বাইয়ে পাড়ি জমিয়ে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বাঙালি অভিনেত্রী মৌনি রায়। অভিনয় দক্ষতা ও গ্ল্যামার দিয়ে তিনি ইতোমধ্যেই দর্শকদের মন জয় করেছেন। ব্যক্তিগত জীবনেও ভালোবেসে দুবাইপ্রবাসী ব্যাংকার সুরাজ নাম্বিয়ারের সঙ্গে সংসার গড়েন এই অভিনেত্রী। তবে সম্প্রতি তাদের দাম্পত্য জীবন নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন।

কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, ভেঙে যাচ্ছে মৌনি ও সুরাজের সংসার। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হলেও এতদিন নীরব ছিলেন মৌনি। অবশেষে সেই নীরবতা ভেঙে মুখ খুলেছেন তিনি।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক পোস্টে মৌনি লেখেন, “সকল মিডিয়া হাউজকে বিনীত অনুরোধ করছি বিয়ে নিয়ে মিথ্যা গল্প প্রকাশ করবেন না। আমাদের কিছুটা একা থাকতে দিন এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করুন।”

এর আগে ভারতীয় সংবাদমাধ্যম সিয়াসাত ডটকমের এক প্রতিবেদনে দাবি করা হয়, মৌনি রায় ও সুরাজ নাম্বিয়ারের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে। প্রতিবেদনে বলা হয়, তারা ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন। পাশাপাশি মৌনির সঙ্গে তোলা বেশ কিছু ছবিও নিজের অ্যাকাউন্ট থেকে মুছে ফেলেছেন সুরাজ। যদিও তাদের কিছু পুরোনো ছবি এখনো সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। এরপর থেকেই বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে।

করোনা মহামারির সময় দুবাইয়ে আটকা পড়েছিলেন মৌনি রায়। সেই সময় সুরাজ নাম্বিয়ারের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে। বন্ধুত্ব থেকে পরে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। তাদের সম্পর্ক ও বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা ছিল। সব জল্পনার অবসান ঘটিয়ে ২০২২ সালের ১৭ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল।

টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয়জগতে পরিচিতি পাওয়া মৌনি পরে বলিউডে অভিষেক করেন অক্ষয় কুমার অভিনীত ‘গোল্ড’ সিনেমার মাধ্যমে। এরপর ‘কেজিএফ চ্যাপ্টার ওয়ান’ সিনেমার জনপ্রিয় গান ‘গলি গল’-এ পারফর্ম করে ব্যাপক আলোচনায় আসেন তিনি। পাশাপাশি ‘রোমিও আকবর ওয়াল্টার’, ‘মেড ইন চায়না’, ব্রহ্মাস্ত্র ও ‘ব্ল্যাকআউট’-এর মতো সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেন।

সবশেষে মৌনি রায়কে দেখা গেছে ‘সালাকার’ সিরিজে। থ্রিলারধর্মী এই সিরিজটি পরিচালনা করেছেন ফারুক কবির। গত বছরের ৮ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম জিওহটস্টারে মুক্তি পায় সিরিজটি।